প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা! বেকার যুবকদের জন্য ‘যুবশক্তি প্রকল্প’ আনল রাজ্য সরকার, কবে থেকে আবেদন?

রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের কল্যাণে একের পর এক জনমুখী প্রকল্প চালু করা হচ্ছে। মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য ইতিমধ্যেই চালু রয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। এবার রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প— ‘যুবশক্তি’। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবকরা প্রতি মাসে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আর্থিক ভাতা পাবেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবকদের জন্য মূলত এই প্রকল্পটি আনা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবকরা প্রতি মাসে ২ হাজার টাকা এবং স্নাতক বা গ্র্যাজুয়েট পাস যুবকরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।
কবে থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে যে চলতি মাসের শেষ সপ্তাহেই আবেদন করার জন্য নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু হয়ে যেতে পারে। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের সময় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং শেষ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।