ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! আগামী কয়েক ঘণ্টায় তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বঙ্গোপসাগরে ক্রমেই দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবেই আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এই পরিস্থিতিই বজায় থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া জেলার দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলার বহু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
শুক্রবারও দুর্যোগের রেশ বজায় থাকবে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবারও রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে সামান্য বৃষ্টি হলেও, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক হয়ে যাবে।
তিলোত্তমা কলকাতাতেও বুধবার সকাল পর্যন্ত মনোরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হলেও রাতের তাপমাত্রা বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৬ শতাংশের মধ্যে রয়েছে। বুধবার থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।