‘প্রতিবাদ করতেই ট্রেন থেকে ধাক্কা’ হারাতে হল হাত, জানুন কি ঘটেছে তরুণীর সাথে?

মুম্বইয়ের লোকাল ট্রেন ফের একবার নারকীয় অভিজ্ঞতার সাক্ষী থাকল। সহযাত্রীর অশালীন আচরণের প্রতিবাদ করার অপরাধে এক তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। এই বর্বরোচিত ঘটনায় কনুইয়ের নীচ থেকে কেটে বাদ দিতে হয়েছে তাঁর বাঁ হাত এবং মাথায় লেগেছে ১৬টি সেলাই। ঘটনাটি ঘিরে মুম্বইয়ের ব্যস্ততম লোকাল ট্রেনগুলিতে নারীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

ঘটনার দিন ওই তরুণী বোরিভলি থেকে ভিরারের উদ্দেশে যাওয়া একটি লোকাল ট্রেনে চড়েছিলেন। তাঁর অভিযোগ, নাইগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছতেই এক সহযাত্রী বারবার তাঁকে আপত্তিকর ও অশালীনভাবে স্পর্শ করতে শুরু করেন। প্রাথমিক পর্যায়ে চরম ক্ষোভ ও রাগের বশে তরুণী ওই ব্যক্তিকে চটি ছুড়ে মারেন। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তীব্র বচসা শুরু হয়। কামরায় উপস্থিত অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালালেও অভিযুক্ত থামেনি এবং সেও পাল্টা তরুণীকে চটি ছুড়ে মারে।

নাইগাঁও স্টেশনে ট্রেনটি থামার পরও ওই ব্যক্তি হেনস্থা চালিয়ে যান বলে অভিযোগ। তরুণীর দাবি, তিনি যখন কড়া প্রতিবাদ করেন, তখন ক্ষিপ্ত হয়ে ওই অভিযুক্ত তাঁকে ট্রেন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ট্রেনটির দুটি কামরার মাঝখানের ফাঁকা অংশে তিনি পড়ে যান এবং সেখান থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার মুহূর্তেই ট্রেনটি আবার চলতে শুরু করে। মুহূর্তের মধ্যে তাঁর বাঁ হাত ট্রেনের চাকার তলায় চলে যায়। রক্তারক্তি কাণ্ডে গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কনুইয়ের নীচ থেকে তাঁর বাঁ হাতটি কেটে বাদ দিতে বাধ্য হন।

প্ল্যাটফর্মে কর্তব্যরত এক পুলিশ কর্মী ও সহযাত্রীদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি সহজেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়ে তরুণী সংবাদমাধ্যমকে জানান, বোরিভলি থেকে নাইগাঁও যাওয়ার পুরো সময় ধরেই ওই ব্যক্তি তাঁকে হেনস্থা করে যাচ্ছিল। তিনি কঠিন প্রশ্ন করেছিলেন, ‘বাড়িতে কি মা-বোন নেই?’ কিন্তু তাতেও অভিযুক্তের নির্লজ্জ আচরণ বদলায়নি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার গোটা পরিবার ও জীবনের দায়িত্ব আমার কাঁধে ছিল। এখন একটা হাত হারিয়ে আমি কীভাবে বাঁচব? আমার মাথায় ১৬টি সেলাই পড়েছে। আমি শুধু সঠিক বিচার চাই এবং অভিযুক্তের কঠোর শাস্তি চাই।’

এদিকে অভিযুক্ত গ্রেফতার হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণীর পরিবার। পরিবারের অভিযোগ, ঘটনার তীব্রতা অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারা অর্থাৎ খুনের চেষ্টার গুরুতর অভিযোগ এখনও পর্যন্ত যুক্ত করা হয়নি। ন্যায়বিচারের আশায় পরিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সাহায্যপ্রার্থী হয়েছে। দলের প্রতিনিধিরা জিআরপি-র সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করেছেন। যদিও পুলিশি সূত্রে জানানো হয়েছে যে উপযুক্ত ধারাগুলি পরবর্তীতে সংযোজন করা হবে, তবে সাধারণ মানুষের মনে লোকাল ট্রেনের নিরাপত্তা নিয়ে ভয় কাটছে না।