প্যারিস-মিলানের র‍্যাম্পে চমক! ভারতের কোন ১০টি ঐতিহ্যবাহী সূচিকর্ম আজও বিশ্ব ফ্যাশনে রাজত্ব করছে?

হস্তশিল্প ও বস্ত্রবয়নে ভারতের ঐতিহ্য শতাব্দীপ্রাচীন এবং বিশ্বজুড়ে সমাদৃত। দেশের প্রতিটি অঞ্চলেই কারুশিল্পের নিজস্ব স্বকীয়তা ও বৈচিত্র্য চোখে পড়ে। কেবল গৃহসজ্জা নয়, পোশাক ও বস্ত্রশিল্পেও ভারতীয় কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া অনন্য মাত্রা যোগ করেছে।

আজ হলিউড থেকে বলিউড, এমনকি প্যারিস বা মিলানের মতো আন্তর্জাতিক ফ্যাশন উইকেও ভারতীয় সূচিকর্মের জাদু দর্শক ও ডিজাইনারদের মুগ্ধ করছে। পশ্চিমা কাট ও আধুনিক নকশার সঙ্গে ঐতিহ্যবাহী জারদোসি ও গোট্টা-পট্টির সমন্বয় ফ্যাশনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। টেকসই ফ্যাশন ও হাতে তৈরি পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রাচীন শৈলীগুলো নতুন প্রজন্মের কাছেও আভিজাত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।

ফ্যাশন বা শিল্পকলায় আগ্রহী হলে ভারতের ঐতিহ্যবাহী এমব্রয়ডারি শৈলীগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। নিচে এমনই উল্লেখযোগ্য কয়েকটি কারুশিল্পের পরিচয় তুলে ধরা হলো:

চিকনকারি: লখনউয়ের চিকনকারি তার সূক্ষ্ম ও জটিল কারুকাজের জন্য বিখ্যাত। মুঘল আমল থেকে প্রচলিত এই শৈলী আগে মূলত মসলিনে করা হলেও বর্তমানে শিফন ও জর্জেটেও সমান জনপ্রিয়। কুর্তা ও শাড়িতে চিকনকারির কাজ চিরন্তন।

কাঁথা: পশ্চিমবঙ্গ ও ওড়িশার কাঁথা সেলাই তার সরলতা ও গল্প বলার ভঙ্গির জন্য পরিচিত। সাধারণ রানিং স্টিচে রঙিন সুতো দিয়ে ফুল, পাখি ও লোককাহিনির দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

ফুলকারি: পঞ্জাবের ফুলকারি উজ্জ্বল রেশমি সুতোয় তৈরি হয়। আনন্দ ও সমৃদ্ধির প্রতীক এই শৈলীর ওড়না উৎসব ও বিয়ের সাজের অন্যতম আকর্ষণ।

কাশীদা: কাশ্মীরের কাশীদা এমব্রয়ডারিতে সূক্ষ্ম এক-সুতোর সেলাইয়ে চিনার পাতা, পদ্ম ও পাখির নকশা বোনা হয়।

আরি কাজ: গুজরাত ও রাজস্থানের আরি কাজ হুকযুক্ত সুঁইয়ে সূক্ষ্ম চেইন স্টিচের মাধ্যমে করা হয়, যেখানে পুঁতি, সিকুইন ও পাথরও যুক্ত হয়।

গোটা-পট্টি: রাজস্থানের গোটা-পট্টিতে সোনা বা রুপোর ধাতব ফিতে কেটে কাপড়ে বসানো হয়। রাজকীয় ঐতিহ্য থেকে উঠে আসা এই শিল্প আজ রাজ্যের গর্ব।

মিরর ওয়ার্ক: গুজরাত ও রাজস্থানের মিরর ওয়ার্কে ছোট আয়না রঙিন সুতোয় বেঁধে ঘাগরা-চোলি ও ওড়নায় সাজানো হয়।

তোদা এমব্রয়ডারি: তামিলনাড়ুর নীলগিরির তোদা এমব্রয়ডারিতে সাদা সুতির কাপড়ে লাল ও কালো সুতোয় জ্যামিতিক নকশা ফোটে।

বানজারা এমব্রয়ডারি: বানজারা নারীদের হাত ধরে গড়ে ওঠা এই শৈলীতে উজ্জ্বল সুতো, কড়ি, পুঁতি ও আয়নার ব্যবহার দেখা যায়।

মুকেশ: ‘বদলা’ নামে পরিচিত মুকেশ কাজে কাপড়ের ভেতর ধাতব পাত ঢুকিয়ে মোচড়ানো বা চ্যাপটা করে ঝকঝকে নকশা তৈরি হয়।

সুজিনি: বিহারের সুজিনি কাঁথার মতোই তৈরি হয়; চেইন স্টিচের পর রানিং স্টিচে ফাঁকা অংশ ভরাট করে সূক্ষ্ম নকশা গড়া হয়।