পুলিশি সমন এড়ালেন ডেরেক ও’ব্রায়েন! ক্যামাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদের বাড়িতে ফের হাজির পুলিশ

ক্যামাক স্ট্রিট-কাণ্ডের তদন্তে এবার আরও কঠোর অবস্থান নিল কলকাতা পুলিশ। সোমবার দুপুরে শেক্সপিয়র সরণি থানার পুলিশ সরাসরি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে হাজির হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। সেই কারণেই এদিন দ্বিতীয়বার নোটিস দিতে তাঁর বাসভবনে পৌঁছন তদন্তকারীরা।
প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে বিপজ্জনকভাবে ঝুলে থাকা একটি তৃণমূলের হোর্ডিং সরাতে গিয়ে পুরকর্মী ও পুলিশকর্মীদের সঙ্গে দলীয় সমর্থকদের ব্যাপক বচসা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। এই বিশৃঙ্খলার পরেই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ওই ঘটনায় শাসকদলের একাধিক হেভিওয়েট নেতার নাম জড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পেছনের আসল প্রেক্ষাপট, ঘটনাস্থলে কাদের উপস্থিতি ছিল এবং সরকারি কাজে বাধা দেওয়ার নেপথ্যে কার কী ভূমিকা ছিল—তা স্পষ্ট করতেই জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।
এর আগেও ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে তাঁকে তলব করে নোটিস দিয়েছিল পুলিশ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি হাজিরা না দেওয়ায় সোমবার ফের তদন্তকারী দল তাঁর বাড়িতে যায় এবং দ্বিতীয়বার নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, ডেরেককে জিজ্ঞাসাবাদ করা এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, এই একই ঘটনায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে এসেছে এবং তাঁর পিএ সুমিত রায়কেও নোটিস পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে তদন্তের পরিধি ক্রমশ বাড়ানো হচ্ছে। তবে দ্বিতীয়বার পুলিশি নোটিস পাওয়ার পর তৃণমূল সাংসদ ঠিক কবে থানায় হাজিরা দেবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সব মিলিয়ে ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেকের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।