পুলিশকে গুলি করলে রসগোল্লা খাওয়াবে না! রতন শেখ এনকাউন্টার নিয়ে বিরোধীদের কড়া জবাব সুকান্তর

শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টার সময় কুখ্যাত অপরাধী রতন শেখের এনকাউন্টারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল পেকেছে। রবিবার বোলপুরের লায়েক বাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর নানুরের চারকোল গ্রামের কাছে এক ইটভাটায় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। গুরুতর আহত অবস্থায় নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
এই পুলিশি পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীদের বিরুদ্ধে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বিরোধীরা ঠিক কী চাইছেন, তা তাঁদের আগে স্পষ্ট করতে হবে। আগের এনকাউন্টারগুলো হয়েছিল ধর্ষণকারীদের বিরুদ্ধে, আর এই ঘটনা ঘটেছে পুলিশকে গুলি করে পালানোর চেষ্টার সময়।” বিরোধীদের সমালোচনার জবাবে সুকান্তর সোজাসাপ্টা প্রশ্ন, “পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ তো আর রসগোল্লা ছুড়বে না, পাল্টা গুলিই চালাবে। এই ধরনের এনকাউন্টার আগামী দিনেও চলবে।” তিনি আরও অভিযোগ করেন যে বিগত জমানায় প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে অপরাধীরা পুলিশকে ভয় পেত না, আর সেই ভয় ফিরিয়ে আনারই চেষ্টা চলছে।
অন্যদিকে, এই এনকাউন্টারকে পূর্ণ সমর্থন জানিয়ে আরও এক ধাপ এগিয়ে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “পুলিশের মান-সম্মান ও সুরক্ষা যদি না থাকে, তবে তারা সমাজকে রক্ষা করবে কী করে? যারা আইনকে চ্যালেঞ্জ করছে, পুলিশ তাদের এভাবেই উপযুক্ত সমাধান করছে। আইনকে চ্যালেঞ্জ করলে এমনটাই চলবে। দরকার হলে ৫টা কেন, ৫০০টা এনকাউন্টার হলেও এই অপরাধপ্রবণতা থামবে না, কারণ তৃণমূল গোটা সমাজটাকেই অপরাধী বানিয়ে দিয়েছে।”
এদিকে এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছালেও নানুরের স্থানীয় বাসিন্দারা কিন্তু পুলিশি পদক্ষেপের পক্ষেই সওয়াল করেছেন। লায়েক বাজার ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের স্পষ্ট বক্তব্য, রতন শেখ একজন জঘন্য অপরাধী ছিল। সে সরাসরি পুলিশের ওপর হামলা চালিয়েছিল। এমতাবস্থায় পুলিশ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। অপরাধীদের এই ধরনের কঠোর শাস্তিই প্রাপ্য বলে মনে করছেন স্থানীয়রা।