জলের রঙ হঠাৎ বদলে গিয়েছে? এই ছোট্ট পরীক্ষাটি করলেই বাঁচবে প্লাম্বারের হাজার হাজার টাকা!

বাড়ির জলের কলে আচমকা হলুদ, বাদামি কিংবা কাদামাটি মেশানো নোংরা জল দেখলে কার না মাথা খারাপ হয়! অনেকেই জল দেখেই ভয় পেয়ে যান এবং জল ট্যাঙ্ক পরিষ্কার বা পাইপলাইন বদলানোর জন্য তক্ষুনি প্লাম্বারকে ফোন করেন। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি কারণটা ধরতে পারেন, তবে নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন এবং বাঁচবে বেশ কিছু টাকা। জলের রঙ বদলানোর এই সমস্যা থেকে মুক্তি পেতে সবার আগে একটি ছোট্ট পরীক্ষা করা প্রয়োজন।
কল থেকে নোংরা জল বের হলে সবার প্রথমে গরম ও ঠান্ডা জল আলাদাভাবে পরীক্ষা করে দেখুন। যদি দেখেন শুধুমাত্র গরম জলের রঙই হলুদ বা বাদামি হয়েছে, তবে বুঝতে হবে সমস্যাটি ওয়াটার হিটার বা গিজারের ভেতরে রয়েছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হিটারের ভেতরে খনিজ ও নানা রকম ক্ষতিকারক কণা জমে একটি আস্তরণ তৈরি করে। সেই কণাগুলি জলের সঙ্গে বেরিয়ে আসার জন্যই জলের রঙ এমন হয়ে যায়। তাই এমন হলে গিজারটি পরীক্ষা করান এবং প্রয়োজনে পেশাদার দিয়ে পরিষ্কার করিয়ে নিন।
অন্যদিকে, যদি ঠান্ডা ও গরম—উভয় জলের ক্ষেত্রেই রঙের পরিবর্তন ঘটে, তবে বুঝতে হবে মূল জল সরবরাহকারী পাইপলাইনে কোনো গোলযোগ রয়েছে। পাইপলাইন মেরামত বা ভালভ বদলানোর সময় জমে থাকা মাটি বা ময়লা জলের সঙ্গে চলে আসতে পারে। এই একই সমস্যা যদি আপনার প্রতিবেশী বা পাড়ার অন্য বাড়িতেও দেখা যায়, তবে অবিলম্বে জল সরবরাহ দপ্তরে যোগাযোগ করা উচিত। এই সাধারণ টিপসগুলি মেনে চললে সহজেই সমস্যার সমাধান করা সম্ভব।