পুজোর আনন্দ মাটি হবে বৃষ্টিতে? সপ্তমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া? জানুন বড় আপডেট

শারদোৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। তবে উৎসবের আনন্দ উদযাপনের মাঝেই অনেকের মনে শঙ্কা ছিল, বৃষ্টি কি পণ্ড করে দেবে পুজোর কটা দিন? আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস সেই শঙ্কা কিছুটা দূর করলেও, উৎসবের প্রথমভাগে কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির খবর হলো, রবিবার অর্থাৎ দ্বিতীয় সপ্তমীর দিন থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে স্বস্তির বার্তা। সেখানকার আকাশ মূলত পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য পূর্বাভাস রয়েছে। মোটের ওপর পুজোর বাকি দিনগুলোতে উত্তরবঙ্গে মনোরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

এদিকে, দেশের বিভিন্ন অংশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে। দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে এখন উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দেখা যাচ্ছে। সবমিলিয়ে, পুজোর মাঝের দিনগুলোতে বৃষ্টির আশঙ্কা কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তারা।