পিকঅ্যাক্স মাউন্টেন থেকে বিদ্যুৎকেন্দ্র! ইরানে কোন পথে হাঁটবে আমেরিকা?

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে তাড়াহুড়ো করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি নতুন বছরের শুরু পর্যন্ত অপেক্ষা করবেন। অন্যদিকে, তেহরানের উপর ফের বড়সড় আঘাত হানার জন্য ওয়াশিংটনের উপর তীব্র চাপ বাড়াচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না এবং বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা পর্যবেক্ষণ করতে চান। চিনে এপেক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান বিমানে বসে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহুর ক্রমাগত চাপের মাঝেই ট্রাম্পের এই অবস্থানকে কূটনৈতিক ও সামরিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে আরেকটি বড় সামরিক অভিযানের সম্ভাবনা খুবই কম, তবু ওয়াশিংটন যে ইজরায়েলের সঙ্গে যৌথ অভিযানের সম্ভাবনা পুরোপুরি বাতিল করেনি, তা অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে ইরানের সন্দেহভাজন পরমাণু স্থাপনাগুলি লক্ষ্যবস্তু হতে পারে, যার মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেন কেন্দ্রের নামও রয়েছে। পাশাপাশি সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং ইরানের সামরিক ও অসামরিক নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও লক্ষ্যবস্তু নিয়েও পর্যালোচনা চলছে বলে জানা গেছে।

তবে সামরিক পদক্ষেপের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে সতর্ক রয়েছে হোয়াইট হাউস। ইরানের পাল্টা আক্রমণ কেমন হতে পারে, সে বিষয়ে পেন্টাগন ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিস্তারিত মূল্যায়ন চাওয়া হয়েছে। বিশেষ করে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিকাঠামোর উপর তেহরান বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে—এই আশঙ্কা ওয়াশিংটনকে ভাবাচ্ছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক তৎপরতা জোরদার করার চেষ্টা চলছে বলে খবর। গত সপ্তাহে মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটন ও মায়ামিতে পাঠান নেতানিয়াহু। সেখানে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তাঁর বৈঠক হয়।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গফম্যানকে ইরানের বিরুদ্ধে ফের সংঘাতে যাওয়ার পক্ষে মার্কিন সমর্থন জোগাড়ের উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল। বৈঠকে ইরানের রাসায়নিক অস্ত্র সংক্রান্ত তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইজরায়েলের দাবি, তাদের হাতে এমন গোয়েন্দা তথ্য এসেছে যা ইঙ্গিত দেয় যে তেহরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা ও পরীক্ষা চালাচ্ছে। এক মার্কিন আধিকারিকের বক্তব্য, এই নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে ইতিমধ্যেই ট্রাম্পকে অবহিত করা হয়েছে।