পাঠানের চেয়েও টানটান থ্রিলার! ভারতের কিংবদন্তি স্পাইমাস্টার রামেশ্বর নাথ কাওয়ের বায়োপিক আসছে বড়পর্দায়

সিলভার স্ক্রিনে ‘এক থা টাইগার’ বা ‘পাঠান’-এর মতো সিনেমার অ্যাকশন তো বহু দেখেছেন, কিন্তু ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’ (R&AW) ঠিক কীভাবে গড়ে উঠেছিল, তা কি জানেন? দেশের সুরক্ষায় পর্দার আড়ালে থেকে যাঁরা নীরবে কাজ করে গেছেন, সেই সংস্থার প্রতিষ্ঠাতা তথা কিংবদন্তি প্রথম প্রধান রামেশ্বর নাথ কাও-এর বর্ণময় জীবন এবার বড়পর্দায় তুলে ধরার আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর।
‘ধর্ম প্রোডাকশনস’ এবং ‘লিও মিডিয়া কালেক্টিভ’-এর যৌথ উদ্যোগে নির্মিত হতে চলা এই হাই-ভোল্টেজ সিনেমার ঘোষণা করতেই সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা চরমে উঠেছে। লেখক নীতিন গোখলের জনপ্রিয় বই ‘জেন্টলম্যান স্পাইমাস্টার’ (Gentleman Spymaster)-এর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৮ সালের ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বায়োপিক। চলতি বছরের মাঝামাঝি সময়েই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমায় মূলত ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ের পটভূমি তুলে ধরা হবে। যেখানে ফুটিয়ে তোলা হবে ‘র’ গঠনের আসল প্রয়োজনীয়তা, প্রতিষ্ঠার নেপথ্য ইতিহাস এবং ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধে তাদের প্রথম সফল অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা। এর আগে ‘কেশরী’ বা ‘রাজি’-র মতো সফল ছবি উপহার দেওয়ার পর, করণ জোহরের এই নতুন রাজনৈতিক ও গুপ্তচরবৃত্তি নির্ভর ছবি বক্স অফিসে যে এক অন্য মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। তবে ছবিতে কোন কোন তারকা অভিনয় করবেন বা কে পরিচালনা করছেন, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে নির্মাতারা।