পাক সেনাপ্রধানকে টিটিপি-র চরম হুঁশিয়ারি! ‘যদি মায়ের দুধ খেয়ে থাকো তো যুদ্ধক্ষেত্রে এস’, ভিডিওবার্তায় তোলপাড়

আফগানিস্তানের (Afghanistan) মাটিতে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ায় এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে (Asim Munir) সরাসরি চরম হুঁশিয়ারি দিল তেহরিক–ই–তালিবান পাকিস্তান (TTP)। টিটিপি-র শীর্ষ কমান্ডার কাজিম একটি ভিডিওবার্তায় মুনিরকে উদ্দেশ্য করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন, যা দুই দেশের সীমান্ত সংঘাতকে আরও এক ধাপ বাড়িয়ে দিল।
‘যদি পুরুষ হও তো আমাদের সামনে এস’
ভিডিওবার্তায় শীর্ষ টিটিপি কমান্ডার কাজিমকে রীতিমতো কড়া সুরে মুনিরকে উদ্দেশ্য করে বলতে শোনা গিয়েছে, “যদি পুরুষ হও তো আমাদের সামনে এস। মায়ের দুধ খেয়ে থাকলে আমাদের সঙ্গে লড়তে এস।”
কাজিম আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সেনা পাঠানো বন্ধ করুন। নইলে আমরাও যুদ্ধক্ষেত্রে নামব।”
এই ভিডিওটি এমন এক সময়ে এল, যখন মাত্র দু’দিন আগে পাক প্রশাসন ঘোষণা করেছিল, কাজিম সম্পর্কে তথ্য দিতে পারলে পাকিস্তানি টাকায় ১০ কোটি পুরস্কার দেওয়া হবে।
২১ পাক সেনা মৃত্যুর দাবি টিটিপি-র
ভিডিওতে টিটিপি কমান্ডার ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশে হওয়া সংঘর্ষের মৃতের সংখ্যা নিয়েও পাল্টা দাবি করেছেন। তাঁদের দাবি, ওই সংঘর্ষে ২২ জন পাক সেনা নিহত হন। যদিও পাক সেনার তরফে মৃতের সংখ্যা ১১ বলে দাবি করা হয়েছিল।
সংঘাতের শুরু: মুনিরের কড়া বার্তা
এই হুমকির আগে গত সপ্তাহে আফগানিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি মেয়াদ শেষের আগেই পাকিস্তান আফগান সীমান্তে হামলা চালায় বলে অভিযোগ। তাতে তিন তরুণ ক্রিকেটার-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আফগানিস্তানের তালিবান সরকারকে কড়া বার্তা দেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবটাবাদে সে দেশের সেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুনির আফগানিস্তানের উদ্দেশে বলেন, “শান্তি আর অশান্তির মধ্যে থেকে যে কোনও একটা বেছে নাও। আফগানিস্তানের মাটি থেকে যারা কাজ করছে, পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত তালিবান সরকারের। আফগানিস্তানের মাটি যারা ব্যবহার করছে, তাদের ধুলোয় মিশিয়ে দিতে হবে।”
মুনিরের এই কড়া বার্তার পরই টিটিপি-র এই চরম হুঁশিয়ারি দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে নভেম্বর মাসে ত্রিদেশীয় সিরিজ় থেকে নিজেদের দল তুলে নিয়েছে।