পাকিস্তানি হ্যান্ডলারের প্রেমের ফাঁদ! রাজস্থানে রেললাইন উড়িয়ে দেওয়ার ভয়ংকর ছক ফাঁস!

রাজস্থানের শ্রী গঙ্গানগরে রেললাইন উড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর নাশকতার ছক সামনে আনল যৌথ বাহিনী। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর প্ররোচনায় এবং মোটা টাকার লোভে পড়ে এই ভয়ংকর পরিকল্পনা করেছিল এক তরুণী। এই দেশবিরোধী ঘটনায় পাঞ্জাব ও রাজস্থান থেকে এক তরুণীসহ মোট দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (ATS), শ্রী গঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে ২১ বছরের মহাকদীপ কৌর এবং ২২ বছরের দাবিন্দর সিংকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহাকদীপ সরাসরি পাকিস্তানের মদদপুষ্ট দুই হ্যান্ডলারের সংস্পর্শে ছিলেন। ‘চাচা’ এবং ‘শাহ’ নামের ওই দুই হ্যান্ডলার প্রেমের ফাঁদ ও অর্থের লোভ দেখিয়ে তাঁকে এই নাশকতার জালে জড়ায়। এর আগে গঙ্গানগরের ববিতা নামের এক মহিলার ক্ষেত্রেও একই কায়দায় আইএসআই ফাঁদ পেতেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মহাকদীপের স্বামী মাদক পাচারের অভিযোগে বর্তমানে জেলবন্দি রয়েছেন এবং মহাকদীপ স্বামীর থেকে আলাদা বসবাস করতেন। রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য তিনি পাকিস্তানি হ্যান্ডলারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন। তল্লাশির সময় পুলিশ তাঁর কাছ থেকে দুটি অস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। এছাড়া, অভিযুক্তদের অপরাধে সহযোগিতা করা, অর্থাৎ থাকার ব্যবস্থা করা এবং যাতায়াতের জন্য মোটরসাইকেল সরবরাহ করার অভিযোগে আরও তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত ৩ নভেম্বর। ওই দিন রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ রাজস্থানের শ্রী গঙ্গানগরের রামসিংপুর এলাকার একটি রেললাইনে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে রেললাইনের দুটি স্লিপার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্র্যাকে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়। তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হল, বিস্ফোরণের মাত্র ৭৫ মিনিট আগে ওই একই ট্র্যাক দিয়ে একটি অনুপগড়-সুরতগড় প্যাসেঞ্জার ট্রেন পার হয়ে গিয়েছিল। ট্রেনটি চলে যাওয়ার সামান্য পরেই এই বিস্ফোরণ ঘটায় বড় ধরনের এক রক্তক্ষয়ী রেল দুর্ঘটনা এবং বহু যাত্রীর প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ধৃতদের জেরা করে এই নাশকতার নেপথ্যে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।