ছটপুজোয় ঘাটে দখলদারি চালালে কড়া ব্যবস্থা! পর্ণশ্রী লেক পরিদর্শনে গিয়ে হুঙ্কার মন্ত্রী অগ্নিমিত্রা পালের

রাজ্যের পালাবদলের পর প্রথম উৎসবের মরশুমে ছটপুজোকে কেন্দ্র করে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। ছটপুজোর আগে থেকেই ভিড় নিয়ন্ত্রণ, জলোচ্ছ্বাস ও পরিচ্ছন্নতার ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট এবং জলাশয় পরিদর্শন করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে তিনি সশরীরে হাজির হন বেহালার পর্ণশ্রী লেকে। ঘাট পরিদর্শনের সময় তাঁর নজরে আসে যে দড়ি দিয়ে বেশ কিছু জায়গা দখল করে রাখা হয়েছে। এরপরই কড়া সুরে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কোনও অবস্থাতেই ছট ঘাটগুলিতে জবরদখল বা দাদাগিরি বরদাস্ত করা হবে না।

এদিন পর্ণশ্রী ঘাটে দাঁড়িয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, পুণ্যার্থীরা নিয়মনিষ্ঠভাবে পুজো দেবেন, তবে সুরক্ষায় কোনও ফাঁক রাখা যাবে না। যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় ঘাটগুলিতে এমারজেন্সি হেল্পলাইন নম্বর টাঙানো থাকবে। পাশাপাশি প্রতিটি পুজো কমিটির একজন নির্দিষ্ট সদস্যের সঙ্গে কলকাতা পুলিশের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে কোনো শিশুকে জলে নামতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুজোর শেষে যত্রতত্র প্লাস্টিক বা আবর্জনা ফেলা রোধে এবং শৌচাগারগুলির পরিচ্ছন্নতা বজায় রাখতে কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ভবিষ্যতে পর্ণশ্রী ঘাটের পাড় সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বাঁধিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে প্রতিটি পুকুর, লেক ও গঙ্গার ঘাটে পুজো নিশ্চিত করতে পেভার ব্লক দিয়ে অস্থায়ী রাস্তা, পর্যাপ্ত আলো, চেঞ্জিং রুম এবং বায়ো টয়লেটের মতো বন্দোবস্তের ঘোষণা করেছিলেন পুরমন্ত্রী। পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মন্ত্রীর এই কড়া পদক্ষেপে উৎসবের দিনে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।