নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে সাগরিকা ঘোষ! বিস্ফোরক টুইট-পাল্টা টুইটে উত্তাল রাজ্য রাজনীতি

সাগরিকা ঘোষের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, পাল্টা যুক্তি দিয়ে দিলেন তৃণমূল সাংসদ
এসআইআর-এ (SIR) বাদ পড়া ভোটারদের নাম তোলার প্রক্রিয়া এবং নির্বাচন সংক্রান্ত একটি বিষয় নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের করা মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল সাংসদের বক্তব্যকে সরাসরি ‘বিভ্রান্তিকর’ (Misleading) বলে তীব্র আপত্তি জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) দফতর। আর এই পাল্টাপাল্টি অবস্থানের জেরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
ঘটনার সূত্রপাত, ভোটার তালিকা সংক্রান্ত একটি বিষয় নিয়ে সাগরিকা ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত যোগ্য ভোটার বাদ পড়েছেন, তাঁরা ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করতে পারেন এবং এর জন্য বিশেষ এনরোলমেন্ট ড্রাইভও চালু করা হয়েছে। তবে কমিশনের এই বিবৃতির পরই সাগরিকা ঘোষ পাল্টা প্রশ্ন তোলেন যে, এই বিশেষ এনরোলমেন্ট ড্রাইভ কেন কেবল নির্বাচনের পরেই করা হচ্ছে?
কমিশনের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যকে বিভ্রান্তিকর তকমা দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করা হলে, ছাড়েননি তৃণমূল সাংসদও। তিনি সোজাসাপ্টা প্রশ্ন তোলেন যে, নির্বাচন কমিশনের নিজস্ব নির্দেশিকা ও নোটিশের কথা তুলেই যদি তিনি প্রশ্ন করেন, তবে তা কীভাবে বিভ্রান্তিকর হতে পারে? একদিকে দেশের সাংবিধানিক পদের সঙ্গে শাসক দলের এক সাংসদের এই মতানৈক্য এবং সোশ্যাল মিডিয়ায় আইনি ও তথ্যগত লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।