নির্বাচনের মুখে বাংলাদেশে শোকের ছায়া! জেলবন্দি অবস্থায় প্রয়াত প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে বড়সড় শোকবার্তা। দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৬)। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটগ্রহণ হওয়ার কথা, তার আগেই প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে দেশটির রাজনৈতিক আবহে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ কারাগারে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৯টা ২৯ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী রমেশ সেন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা চলছিল।
১৯৪০ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া রমেশ চন্দ্র সেন পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রয়াণে আওয়ামী লীগ শিবিরে শোকের আবহ তৈরি হয়েছে। দলের কর্মী-সমর্থকদের একাংশ ও মানবাধিকার সংগঠনগুলি প্রবীণ নেতার জেল হেফাজত ও সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সামনে এই নির্বাচন যখন অত্যন্ত চ্যালেঞ্জিং, ঠিক সেই মুহূর্তেই রমেশ সেনের মৃত্যু রাজনৈতিক সমীকরণকে আরও স্পর্শকাতর করে তুলেছে।