নির্দিষ্ট বেতন কাঠামো নেই কেন? একাদশ-দ্বাদশ শ্রেণির পার্ট টাইম শিক্ষকদের মেগা আন্দোলনে উত্তাল বিকাশ ভবন চত্বর

নির্দিষ্ট বেতন কাঠামো এবং চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত করার জোরালো দাবিতে এবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন একাদশ ও দ্বাদশ শ্রেণির পার্ট টাইম (খণ্ডকালীন) শিক্ষকরা। দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি পূরণের অনিশ্চয়তার জেরে গতকাল থেকে বিকাশ ভবনের সামনে একটানা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে স্কুলগুলিতে শিক্ষা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের কোনো নির্দিষ্ট ও সম্মানজনক বেতন কাঠামো নেই। পাশাপাশি চাকরির কোনো সুনির্দিষ্ট মেয়াদ বা স্থায়িত্ব না থাকায় প্রতিনিয়ত ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট ও ইতিবাচক আশ্বাসের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

এদিন বিকাশ ভবন চত্বরে শিক্ষকদের এই টানা আন্দোলনের জেরে প্রশাসনিক স্তরেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আন্দোলনকারীদের সাফ বার্তা, যতক্ষণ না পর্যন্ত তাঁদের সুনির্দিষ্ট বেতন কাঠামো এবং ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদের দাবি মেনে লিখিত নির্দেশিকা আসছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।