“নরকে যাব না, স্বর্গে ঢোকার শর্ত মানতেও রাজি নই!” রাজনৈতিক শত্রুদের উদ্দেশ্যে বিস্ফোরক ট্রাম্প

মৃত্যুর পরের জীবন এবং নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে চরম বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে একজন ধার্মিক মানুষ দাবি করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর তিনি নরকে নয়, স্বর্গে যাবেন বলেই বিশ্বাস করেন। তবে সেই সঙ্গেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বর্গে যাওয়ার অন্যতম শর্ত হলেও তিনি তাঁর রাজনৈতিক শত্রুদের কোনো অবস্থাতেই ক্ষমা করতে পারবেন না।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ (60 Minutes) নামক জনপ্রিয় অনুষ্ঠানে কথা বলার সময় মৃত্যুর পরের জীবন নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি একজন ধার্মিক মানুষ, তাই তাত্ত্বিকভাবে বলতে গেলে আমি স্বর্গেই যাব। আমি নরকে যেতে চাই না, অধিকাংশ মানুষের অনুভূতিও একই হবে।” কিন্তু যখন তাঁকে প্রশ্ন করা হয় যে স্বর্গে যাওয়ার শর্ত যদি বিরোধীদের ক্ষমা করা হয়, তবে তিনি প্রাক্তন এফবিআই ডিরেক্টর জেমস কোমি বা প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে ক্ষমা করবেন কিনা? ট্রাম্প সরাসরি জানান, “তাহলে তো সেটা আমার আসল রূপ হবে না! তারা অত্যন্ত অসৎ এবং দেশের জন্য ক্ষতিকর। ঈশ্বরকে সামনে রেখে আমি মিথ্যা বলতে চাই না, আমি কখনোই আমার কিছু শত্রুকে ক্ষমা করতে পারব না, কারণ আমি তাদের সত্যিই ঘৃণা করি।”
ট্রাম্পের এই স্বর্গে যাওয়ার দাবি নিয়ে পাল্টা তোপ দেগেছেন বিখ্যাত ইভাঞ্জেলিক ধর্মপ্রচারক ফ্র্যাঙ্কলিন গ্রাহাম। তিনি বাইবেলের বিধান মনে করিয়ে দিয়ে বলেন, “স্বর্গে যাওয়ার নিয়ম অত্যন্ত কড়া। কেবল ধার্মিক দাবি করলেই স্বর্গে যাওয়া যায় না; তার জন্য পাপ স্বীকার করতে হয়, অনুতপ্ত হতে হয় এবং ঈশ্বরের প্রতি সঁপে দিতে হয়। ক্ষমা না করে কি ট্রাম্প আদৌ স্বর্গের সীমা অতিক্রম করতে পারবেন?”
সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক সফর, পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে প্রাণঘাতী হামলার স্মৃতি এবং নিজের প্রশাসনের কড়া অভিবাসন নীতি নিয়েও মতামত জানান ট্রাম্প। তিনি স্বীকার করেন যে নথিপত্রহীন বহু বছরের বাসিন্দাদের ক্ষেত্রে নীতি কিছুটা কড়া হয়ে থাকতে পারে এবং তিনি এ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও প্রস্তুত।