চোখ জ্বলছে, কুয়াশায় ঢেকেছে শহর! কালীপুজোর পরদিন বিষাক্ত বায়ুদূষণে স্তব্ধ দিল্লি-মুম্বই

দীপাবলির উৎসবে আলোর রোশনাইয়ের মাঝেই বিষাক্ত বাতাসের কবলে দিল্লি-এনসিআর সহ একাধিক মেট্রো শহর। সোমবার সকালে জাতীয় রাজধানী দিল্লির বায়ুদূষণ চূড়ান্ত ও মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, শহরের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪০০-র সীমা অতিক্রম করে ‘ভয়াবহ’ বা ‘সিভিয়ার’ বিভাগে ঢুকে পড়েছে। সকাল থেকেই পুরো শহর ঘন ও বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকে যায়, যার ফলে দৃশ্যমানতা আশঙ্কাজনকভাবে কমে গিয়ে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা।
সিপিসিবি-র পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির বুরাড়ি ক্রসিংয়ে দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি, সেখানে একিউআই রেকর্ড করা হয়েছে ৪৪১। এছাড়া বিবেক বিহারে ৪৩৭, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ৪৩৪, জাহাঙ্গিরপুরী ও দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাসে ৪৩৩ এবং রোহিণীতে ৪৩০। আনন্দ বিহার, আকশারধাম ও অন্যান্য এলাকাতেও বায়ুর মান ‘খুব খারাপ’ থেকে ‘ভয়াবহ’ ক্যাটাগরিতে রদবদল হচ্ছে। শুধু দিল্লিই নয়, একই পরিস্থিতি তৈরি হয়েছে বাণিজ্য নগরী মুম্বই ও উত্তরপ্রদেশের রাজধানী লখনউতেও। মুম্বইয়ের খেরওয়াড়ি, ঘাটকোপার ও চেম্বুর এলাকাতেও একিউআই ২০০ থেকে ২৬০-এর ঘরে ঘুরে বেড়াচ্ছে।
দূষণের এই ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে তড়িঘড়ি দিল্লি-এনসিআরে জারি করা হয়েছে ‘গ্র্যাপ ৩’ (GRAP Phase-3) বিধিনিষেধ। এর অধীনে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত রকম নির্মাণকাজ ও ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাস্তায় বিএস-৩ পেট্রল এবং বিএস-৪ ডিজেল গাড়ি চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এবং প্রাথমিক স্কুলগুলিতে প্রয়োজনে হাইব্রিড মডেলে ক্লাস নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর ও পরিবেশবিদরা জানিয়েছেন, বাতাসের গতি কম থাকা এবং বাজি ও ধোঁয়াশার মিশ্রণে পরিস্থিতি আরও কয়েকদিন উদ্বেগজনক থাকতে পারে।