নয়া দিল্লির জেওয়ার বিমানবন্দরের নাম বদল! মোদীর নামে নামকরণে ঐতিহাসিক সিদ্ধান্ত যোগী মন্ত্রিসভার

উত্তরপ্রদেশের নয়ডার জেওয়ারে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে দেশের প্রধানমন্ত্রীর নামে রাখার প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। শুক্রবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে এই নাম বদলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন প্রস্তাব অনুযায়ী, এই মেগা প্রকল্পের নাম হতে চলেছে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’।
এদিনের বৈঠকে উত্তরপ্রদেশকে এই ধরনের বিশ্বমানের পরিকাঠামো উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এই বিমানবন্দরে ৩,৯০০ মিটার দীর্ঘ রানওয়ে ছাড়াও অত্যাধুনিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব এবং বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আগামী দিনে এটি শুধুমাত্র উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দরই হয়ে উঠবে না, বরং দেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম বিমান পরিবহণ কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করবে।