হঠাৎ অচল মাইক্রোসফট! টিমস-আউটলুক বন্ধ থাকায় বিশ্বজুড়ে চরম ভোগান্তি, এখন পরিস্থিতি কী?

বিশ্বজুড়ে হঠাৎই স্তব্ধ হয়ে গেল মাইক্রোসফটের একের পর এক গুরুত্বপূর্ণ পরিষেবা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই অচলাবস্থার জেরে চরম বিপাকে পড়েন ব্যবহারকারীরা। মাইক্রোসফট টিমস, আউটলুক, কো-পাইলট থেকে শুরু করে মাইক্রোসফট ৩৬৫, কোনো প্ল্যাটফর্মই ঠিকমতো কাজ করছিল না। টানা প্রায় ১৫ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বড়সড় বিভ্রাটের প্রভাবে বিশ্বজুড়ে বহু মানুষ সমস্যায় পড়েন। শুক্রবার মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সফলভাবে শেষ হয়েছে। ধীরে ধীরে ট্র্যাফিক স্বাভাবিক করার কাজ চলছে, যার ফলে ইমেল অ্যাকাউন্টে লগইন করা কিংবা দেরিতে ইমেল পৌঁছনোর মতো সমস্যাগুলোও অনেকটাই কমেছে। তবে কিছু ব্যবহারকারীকে এখনও বিচ্ছিন্নভাবে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
সাইবার হামলার আশঙ্কা উড়িয়ে দিল সংস্থা
ব্যবহারকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল, এই হঠাৎ বিভ্রাটের পেছনে কি কোনো সাইবার হামলার হাত রয়েছে? তবে মাইক্রোসফট পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলা বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধের যোগ নেই। সংস্থার এক শীর্ষ আধিকারিক আগেই স্পষ্ট করে দিয়েছেন যে এটি কোনো ম্যালিশিয়াস বা হ্যাকিংয়ের ঘটনা নয়।
৭৪টি দেশে ছড়িয়ে পড়েছিল প্রভাব
ডাউনডিকেক্টরের তথ্য অনুযায়ী, এই বিভ্রাটের প্রভাব ছড়িয়ে পড়েছিল মোট ৭৪টি দেশ ও অঞ্চলে। মাত্র এক ঘণ্টার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মাইক্রোসফটের পরিষেবা বিঘ্নিত হওয়ার হাজার হাজার রিপোর্ট জমা পড়ে। অনেক ব্যবহারকারী নিজেদের ইমেল অ্যাকাউন্টে ঢুকতেই পারছেন না বলে জানান। মাইক্রোসফট জানিয়েছে, তারা গোটা ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে। বিশ্বজুড়ে সমস্ত ব্যবহারকারীর জন্য পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে।