নবান্নের কাছে বেপরোয়া বাসের তাণ্ডব! একের পর এক গাড়িতে ধাক্কা, গুরুতর জখম ২

সকালের ব্যস্ত সময়ে নবান্নের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। সোমবার সকাল ৯টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি যাত্রিবাহী বাস। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। দ্রুত দু’জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রিবাহী বাসটি সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল। নবান্ন সংলগ্ন এলাকার কাছে রাস্তার একটি বাঁকে পৌঁছলে আচমকাই বাসটির ওপর নিয়ন্ত্রণ হারান চালক। নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বাসটি পরপর দু’টি মোটরবাইক এবং একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে। সেখানেই ধাক্কা থামেনি; গতিবেগ ধরে রেখে বাসটি রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও প্রবলভাবে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে মোটরবাইক আরোহী ও এক সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পরই বাসের চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল—চালকের অসাবধানতা, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ—তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে হাওড়া সিটি পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে দ্বিতীয় হুগলি সেতুর সংলগ্ন এলাকায়; পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।