কলকাতা ১৮ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে ১৫! কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা? হাওয়া অফিসের বড় খবর

ডিসেম্বর মাস পড়তে আর বাকি মোটামুটি এক সপ্তাহ। তার আগে সবার মনেই একটাই প্রশ্ন—রাজ্যে শীত কবে পড়বে? ঘূর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। রবিবার থেকে অবশ্য আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে এবং হালকা রোদের দেখাও মিলেছে। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভোরের দিকে শীতের যে আমেজ দেখা গিয়েছিল, তা কার্যত উধাও বলা চলে। বৃষ্টির দিনগুলিতে পারদ পতন দেখে অনেকেই ভেবেছিলেন কনকনে শীতের আর বেশি দেরি নেই, কিন্তু রবিবার থেকে ঠান্ডার আমেজ সেভাবে নেই বললেই চলে।
তবে শীতের অপেক্ষায় থাকা মানুষের জন্য স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আকভানের মেঘ কাটলেই রাজ্যজুড়ে ফের শীতের আমেজ শুরু হবে এবং বুধবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, আর রাজ্যের পশ্চিমাঞ্চলের পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে জানানো হয়েছে, সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে।
অন্যদিকে, আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে মঙ্গলবার থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে; সব জেলায় শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকবে এবং তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আজ আংশিক মেঘলা আকাশের মাঝে মাঝে রোদের ঝিলিক দেখা দেবে এবং বৃষ্টির সম্ভাবনা খুব কম। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও নভেম্বর-শেষে আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মৌসম ভবনের পূর্বাভাসে ইঙ্গিত মিলেছে।