নবদ্বীপে রাস পূর্ণিমায় বড় চমক! চৈতন্যধামের উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর, পূর্ববর্তী সরকারকে নিশানা

রাস পূর্ণিমা উৎসবের পুণ্যলগ্নে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপের সার্বিক উন্নয়নে বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবদ্বীপে উৎসবের সূচনা করে তিনি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির ও আশ্রমের অসম্পূর্ণ গবেষণা কেন্দ্রের কাজ শেষ করতে ২ কোটি টাকা এবং একটি নতুন গোশালা নির্মাণের জন্য ১ কোটি টাকা— অর্থাৎ মোট ৩ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। পাশাপাশি, পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামী দু’মাসের মধ্যে স্থানীয় ফেরিঘাটটি আধুনিকীকরণের আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিন নবদ্বীপে পৌঁছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি দীর্ঘদিন ধরে অর্থের অভাবে থমকে থাকা গবেষণা কেন্দ্রটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন। আশ্রম কর্তৃপক্ষকে সমস্ত পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই কাজের জন্য তহবিলের কোনও অভাব হবে না। ভক্তদের অনুদানে এতদিন যতটুকু কাজ এগিয়েছে, সরকারি এই বরাদ্দে এবার তা পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়নমূলক কাজের সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গবেষণা কেন্দ্রের সম্প্রসারণ ও ফেরিঘাটের আধুনিকীকরণ-সহ প্রস্তাবিত সমস্ত কাজ আগামী দু’মাসের মধ্যেই শেষ করা হবে। কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের নবদ্বীপ সফরে আসবেন বলেও ঘোষণা করেন।
অন্যদিকে, নবদ্বীপের মাটি থেকেই পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকার নবদ্বীপের ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে সম্পূর্ণ উপেক্ষা করেছিল। তীর্থক্ষেত্রের উন্নয়নের বদলে পূর্ববর্তী জমানায় শহরে একটি দেশি ও আটটি বিদেশি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল বলে তিনি তোপ দাগেন। এদিন কলকাতায় ফেরার আগে নবদ্বীপের আরও বেশ কয়েকটি মন্দির ও পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।