নবদ্বীপের ভোলবদলে মেগা মাস্টারপ্ল্যান! ৩ কোটির অনুদানের পাশাপাশি ভাগীরথীতে স্থায়ী সেতুর ঘোষণা শুভেন্দুর, আসছেন নীতিন গড়কড়ি

রাস পূর্ণিমার পুণ্যলগ্নে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ মেগা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবদ্বীপে রাস উৎসবে যোগ দিয়ে তিনি মোট ৩ কোটি টাকা আর্থিক বরাদ্দের কথা জানান। এর মধ্যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির ও আশ্রমে অসম্পূর্ণ গবেষণাকেন্দ্রের কাজ শেষ করতে ২ কোটি টাকা এবং শচীমাতা গোশালার পরিকাঠামো সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও ঐতিহ্য নিয়ে চর্চার জন্য তৈরি হওয়া গবেষণাকেন্দ্রটির কাজ এতদিন অর্থের অভাবে থমকে ছিল। ভক্তদের অনুদানে কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি। সেই অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতেই রাজ্য সরকারের এই বিশেষ বরাদ্দ। পাশাপাশি, মন্দির ও আশ্রমের অন্যান্য উন্নয়নমূলক কাজেও সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
ধর্মীয় পরিকাঠামোর পাশাপাশি নবদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভগ্নপ্রায় নদীর ঘাট আগামী দু’মাসের মধ্যে নতুন করে সংস্কার করা হবে এবং স্থায়ী সেতু তৈরি না হওয়া পর্যন্ত আধুনিক লঞ্চ ও ফেরি পরিষেবা চালু থাকবে। আগামী জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার পর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি ফের নবদ্বীপে এসে কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখবেন বলেও জানান।
সবচেয়ে বড় চমক হিসেবে ভাগীরথী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই যৌথ প্রকল্পে জমি অধিগ্রহণের খরচ বহন করবে রাজ্য সরকার এবং সেতু নির্মাণের অর্থ দেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি নবদ্বীপ পরিদর্শনে আসছেন বলেও জানান তিনি। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে দ্রুত জমি জরিপ, মাটি পরীক্ষা এবং বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া শহরে সংস্কৃত টোল ও গুরুকুল গড়ে তোলার পরিকল্পনার কথাও সামনে এসেছে।
এদিন নবদ্বীপের পুজো মণ্ডপের মঞ্চ থেকে পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। তাঁর অভিযোগ, “বামফ্রন্টের ৩৪ বছর কিংবা আগের ১৫ বছরের শাসনকাল— কেউই মহাপ্রভুর জন্মস্থানকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি। উল্টে এই পবিত্র শহরে একটি দেশি ও আটটি বিদেশি মিলিয়ে মোট ৯টি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল।” মায়াপুরের আন্তর্জাতিক খ্যাতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পরিকাঠামো উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে নবদ্বীপকেও বিশ্বদরবারে স্বতন্ত্র পরিচিতি এনে দেবে তাঁর সরকার। এদিন রাস মেলা উপলক্ষে নবদ্বীপে একাধিক মন্দির ও পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।