নতুন রূপে হাজির Pulsar RS200! বাড়ল ইঞ্জিনের শক্তি, TFT ডিসপ্লে ও রাইডিং মোডস—দাম কত?

ভারতের বাজারে নতুন আপডেটসহ লঞ্চ হল বাজাজ অটো (Bajaj Auto)-র জনপ্রিয় স্পোর্টস বাইক 2026 Pulsar RS200। দিল্লিতে বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৪১ টাকা। নতুন মডেলে ইঞ্জিনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুক্ত হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি ও রাইডিং ফিচার। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক থ্রটল বডি (ETB), একাধিক রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং স্পোর্টস শিফটার। পাশাপাশি সামনে আপসাইড-ডাউন ফর্ক, পিছনে রেডিয়াল টায়ার এবং গুগল ম্যাপস মিররিং সুবিধাযুক্ত ৫ ইঞ্চির টিএফটি (TFT) ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও দেওয়া হয়েছে।
ইঞ্জিনের ক্ষমতা: নতুন Pulsar RS200-এ আগের ১৯৯.৫ সিসি লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনই রাখা হয়েছে। তবে এর সর্বোচ্চ ক্ষমতা ২৪.১ বিএইচপি (bhp) থেকে বাড়িয়ে ২৫.১ বিএইচপি করা হয়েছে। এবার ১০,০০০ আরপিএম (rpm)-এ সর্বোচ্চ শক্তি মিলবে, যেখানে আগের মডেলে তা পাওয়া যেত ৯,৭৫০ আরপিএম-এ। যদিও ইঞ্জিনের সর্বোচ্চ টর্ক একই রয়েছে—৮,০০০ আরপিএম-এ প্রায় ১৮.৭ এনএম (Nm) টর্ক পাওয়া যাবে।
ইলেকট্রনিক থ্রটল ও রাইডিং মোড: নতুন বাইকের অন্যতম প্রধান পরিবর্তন হল ইলেকট্রনিক থ্রটল বডি বা ইটিবি (ETB)। এর ফলে বাইকের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম থ্রটল রেসপন্স আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। রাস্তার অবস্থা এবং চালকের পছন্দ অনুযায়ী বিভিন্ন রাইডিং মোডের মাধ্যমে ইঞ্জিনের প্রতিক্রিয়া বেছে নেওয়ার সুযোগ থাকছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা গতি বাড়ানোর সময় পিছনের চাকা পিছলে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করবে। এ ছাড়া নতুন মডেলে স্পোর্টস শিফটারও যুক্ত করা হয়েছে।
সাসপেনশন ও টায়ার: আগের মডেলের প্রচলিত টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশনের বদলে এবার নতুন Pulsar RS200-এ ৩৭ মিমি আপসাইড-ডাউন ফর্ক দেওয়া হয়েছে। এতে বাইকের সামনের অংশের স্থিতিশীলতা ও দৃঢ়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।