নতুন বছরে বন্ধ হচ্ছে পুরনো চেক বই? ভাইরাল খবরের আসল সত্যি শোনাল RBI

ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মে সামান্য পরিবর্তন এলেও তা নিয়ে আমজনতার মনে হাজারো প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়। বিশেষ করে চেক বই এবং সরাসরি টাকা লেনদেনের বিষয় জড়িত থাকলে সাধারণ মানুষ আরও বেশি সতর্ক হয়ে পড়েন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চেক বই সংক্রান্ত একগুচ্ছ কড়া নিয়ম বদলের দাবি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছিল তীব্র বিভ্রান্তি। অবশেষে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেদের অফিসিয়াল অবস্থান খোলসা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বার্তাগুলিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, চেক বই সংক্রান্ত নিয়মে বর্তমানে কোনও ধরণের পরিবর্তন আনা হচ্ছে না।
ভাইরাল হওয়া ভুয়ো বার্তায় ঠিক কী দাবি করা হচ্ছিল?
গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছিল যে:
১ জানুয়ারি, ২০২৭ থেকে নতুন নিয়ম: আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর পর থেকে নাকি বর্তমানের চেক বইয়ের নিয়ম বদলে যাবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ নতুন প্রযুক্তির চেক বই কার্যকর হবে।
৫০,০০০ টাকার লিমিট: ১ জানুয়ারি থেকে পুরনো চেক বই দিয়ে নাকি সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্তই লেনদেন করা যাবে। এর বেশি অঙ্কের চেকের লেনদেনের জন্য ৩১ ডিসেম্বরের আগেই ব্যাঙ্ক শাখা থেকে নতুন চেক বই সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছিল ওই ভুয়ো বার্তায়।
হাইটেক সিকিউরিটি ফিচার: ভুয়ো পোস্টগুলিতে আরও দাবি করা হয়, নতুন চেক বইতে নাকি আলফা-নিউমেরিক কোড, একটি নতুন MICR সিস্টেম এবং বিশেষ UV কোডের মতো উচ্চমানের নিরাপত্তা ফিচার থাকবে। এমনকি প্রতিটি চেক নাকি সরাসরি আরবিআই (RBI)-এর মূল সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।
আসল সত্যিটা ঠিক কী? বড় তথ্য দিল আরবিআই
এই ধরণের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়তেই হস্তক্ষেপ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর তরফে পরিষ্কার জানানো হয়েছে: ১. কোনো লিমিট ঠিক করা হয়নি: ৫০,০০০ টাকার বেশি লেনদেনের জন্য নতুন চেক বই লাগবে বা পুরনো চেক বইয়ের সীমা ৫০ হাজারে বেঁধে দেওয়া হয়েছে—এমন কোনও নির্দেশিকা আরবিআই জারি করেনি।
২. নিরাপত্তা বিধিতে বদল নেই: বর্তমানে প্রচলিত সিটিএস (CTS) চেক বইগুলির ক্ষেত্রে নতুন কোনও আলফা-নিউমেরিক বা ইউভি কোড সংক্রান্ত নতুন নিয়ম বাধ্যতামূলক বা বাস্তবায়ন করা হচ্ছে না।
ভুয়ো খবরের ফাঁদে পা না দেওয়ার আবেদন
গ্রাহকদের উদ্দেশ্যে রিজার্ভ ব্যাঙ্ক বিশেষ আবেদন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনও মুখরোচক বা আতঙ্ক সৃষ্টিকারী ব্যাঙ্কিং বার্তা বিশ্বাস করার আগে সতর্কতা অবলম্বন করুন। ব্যাঙ্কিং সংক্রান্ত যে কোনো নিয়মাবলী বা নির্দেশিকা জানার জন্য শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিশের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।