নকশালমুক্ত ভারত! আদিবাসীদের আশীর্বাদে উল্লাস মোদীর কণ্ঠে, গড়চিরোলিতে ৩০০০ কোটির উপহার

রবিবার জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, ভারত নিজেকে নকশাল ও মাওবাদীদের ভয়াবহ কবল থেকে সম্পূর্ণ মুক্ত করেছে। এই হিংসার কারণে আদিবাসী সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আজ তাদের আশীর্বাদই সরকারের প্রধান প্রাপ্তি। মহারাষ্ট্রের গড়চিরোলিতে অনুষ্ঠিত এই জমকালো সমাবেশে প্রধানমন্ত্রী দেশের দুটি সবচেয়ে বড় সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রায় ৫০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে সফলভাবে বের করে আনা এবং দেশকে মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত করাই এই সরকারের সবচেয়ে বড় অর্জন।
অতীতের ভয়াবহ দিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে দেশের প্রায় ১২৫টি জেলা নকশালদের দ্বারা প্রভাবিত ছিল। প্রতি বছর শত শত হিংসাত্মক ঘটনায় হাজার হাজার নির্দোষ মানুষের প্রাণ যেত, যার বড় অংশই ছিলেন আদিবাসী। পূর্বতন সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, অতীতে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হলেও আগের সরকারগুলো নীরব দর্শক হয়ে ছিল। কিন্তু আজ সেই পরিস্থিতি বদলে গেছে। ছত্তিশগড়ের বস্তার থেকে শুরু করে গড়চিরোলির প্রত্যন্ত অঞ্চলে এখন কেবল দীপাবলির প্রদীপই জ্বলছে না, আশার আলোও পৌঁছে গেছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা দিবস এবং ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হয়ে আসছে ‘জনজাতীয় গৌরব দিবস’। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের গড়চিরোলিতে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকা পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ২৪০টিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।