ধর্ষণ ও পকসো মামলার দ্রুত বিচারে বড় সিদ্ধান্ত! ২০৩১ পর্যন্ত বাড়ল বিশেষ আদালতের মেয়াদ

নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের জট কাটাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। ধর্ষণ ও পকসো (POCSO) মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশজুড়ে ‘ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস স্কিম’-এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সালের মার্চ মাস পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে এই প্রকল্পের পরিধি বাড়িয়ে সারা দেশে ৮৫০টি বিশেষ আদালত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই মেগা প্রকল্পে মোট ৩ হাজার ৭৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে একা নির্ভয়া তহবিল থেকেই প্রায় ২ হাজার ৩৫৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, বাকি অর্থ বহন করবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। ২০১৯ সালে শুরু হওয়া এই কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই দেশজুড়ে চার লাখেরও বেশি মামলার সফল নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৭৭৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু থাকলেও, মামলার পাহাড়প্রমাণ চাপ কমাতে এই সংখ্যা বাড়িয়ে ৮৫০টিতে উন্নীত করা হচ্ছে।
প্রতিটি ফাস্ট ট্র্যাক আদালতে একজন ডেডিকেটেড বিচারক, একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর এবং ছয়জন সহায়ক কর্মী থাকবেন, যা বিচার প্রক্রিয়ার গতি বহুগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে পকসো মামলার ক্ষেত্রে ভিকটিম শিশুদের মানসিক সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে ‘চাইল্ড-ফ্রেন্ডলি কোর্ট স্পেস’ এবং ‘ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার’ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আইনি দীর্ঘসূত্রিতা কাটিয়ে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা আরও সুদৃঢ় হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।