দ্রুত ফর্সা হওয়ার লোভের চড়া মাশুল, মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আক্রান্ত ১৭ বছরের তরুণী

কেরলের মালাপ্পুরমে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচারে আকৃষ্ট হয়ে অনলাইনে কেনা একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহারের পর ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে চিকিৎসকেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় এক বছর ধরে নিয়মিত ওই ফেয়ারনেস ক্রিম ব্যবহার করার পর কিশোরীর রক্তচাপ হঠাৎ নেমে যায়। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তাঁর পা ফুলে যায়। পা ফুলে যাওয়ার কারণে তাঁর হাঁটাচলা করতে ও সিঁড়ি দিয়ে উঠতে তীব্র কষ্ট শুরু হয়। এরপর তাঁকে মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হসপিটালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের একাধিক ইনফ্লুয়েন্সারের প্রচারমূলক ভিডিও দেখেই কিশোরীটি ওই ক্রিম অর্ডার করেছিলেন। ওই ভিডিওগুলোতে দাবি করা হয়েছিল যে ক্রিমটি ব্যবহার করলে ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর হয়। কিশোরী সাংবাদিকদের জানান, ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথমবার ক্রিমটি কেনেন। শুরুতে তা কার্যকর মনে হওয়ায় পরের এক বছরে তিনি আরও কয়েকটি বোতল সংগ্রহ করেন।

বর্তমানে কিশোরীর চিকিৎসা করছেন নেফ্রোলজিস্ট ডা. গৌরী এস। তিনি পিটিআইকে জানান, বিস্তারিত মেডিকেল পরীক্ষায় কিশোরীর রক্ত ও শরীরে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি ধরা পড়েছে। ডা. গৌরীর বক্তব্য, পারদ কিডনির ছাঁকন প্রক্রিয়ার অর্থাৎ ফিল্টারিং ইউনিটের মারাত্মক ক্ষতি করতে পারে। পরীক্ষার ভিত্তিতে কিশোরীর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামক গুরুতর কিডনি রোগ ধরা পড়েছে। সময়মতো যথাযথ চিকিৎসা না করালে এই রোগ থেকে আরও জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকেরা জানান, সংশ্লিষ্ট ক্রিমটি পরীক্ষা করে তাতে ১২,৫০০ পার্টস পার মিলিয়ন মাত্রায় পারদ পাওয়া গেছে, অথচ অনুমোদিত নিরাপদ মাত্রা প্রতি মিলিয়নে এক ভাগেরও কম। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উচ্চমাত্রার পারদযুক্ত এই পণ্যটিই কিশোরীর কিডনি রোগের মূল কারণ বলে মনে করছেন চিকিৎসকেরা।

ডা. গৌরী সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, যেসব বিজ্ঞাপনে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে দ্রুত ফল পাওয়ার বা ত্বকের রঙ দ্রুত বদলে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো থেকে সতর্ক থাকা জরুরি। ত্বকের কোনো সমস্যা দেখা দিলে এ ধরনের পণ্যের ওপর নির্ভর না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা নেওয়ার ওপর জোর দেন তিনি।

কিশোরী জানান, শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাননি। তাঁর অভিযোগ, শুরুতে কোম্পানিটি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দিলেও পরে আর কোনো উত্তর দেয়নি।

এই ঘটনায় কিশোরীর পরিবার এখন সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ভোক্তা আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলমান আইনি প্রক্রিয়ার স্বার্থে পরিবারটি ক্রিমটির নাম প্রকাশ করেনি।