অ্যাপের যুগ শেষ? চ্যাটজিপিটি নির্ভর নতুন এআই ফোনের খবরে তোলপাড়

চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই এবার নিজস্ব স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে বলে প্রযুক্তি মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করেই এই ডিভাইসটি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। স্যাম অল্টম্যানের সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন তৈরির কোনো ঘোষণা করেনি। তবে চিনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সম্ভাব্য হার্ডওয়্যার প্রকল্পের সঙ্গে বিভিন্ন নামী নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত হতে পারে।
চিনের সংবাদমাধ্যম সিকিউরিটিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের স্মার্টফোন প্রকল্পের উৎপাদন সংক্রান্ত বরাত পেতে পারে এফআইএইচ মোবাইল। সংস্থাটি ফোনের চূড়ান্ত অ্যাসেম্বলির দায়িত্ব সামলাতে পারে বলে খবর। এফআইএইচ মোবাইল আসলে ফক্সকনের সহযোগী সংস্থা। হংকং স্টক এক্সচেঞ্জে ০২০৩৮.এইচকে টিকারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তি সংস্থার জন্য স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির নকশা তৈরি, উৎপাদন ও অ্যাসেম্বলির কাজ করে। অন্যদিকে কাইলিয়ান প্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওপেনএআইয়ের প্রথম স্মার্টফোন ২০২৭ সালের শেষের দিকে অথবা ২০২৮ সালে বাজারে আসতে পারে। এই প্রকল্পে লাক্সশেয়ার প্রিসিশন, লিংয়ি আইটেক এবং এএসি টেকনোলজিসের মতো সংস্থাও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রসেসর ও হার্ডওয়্যার নিয়েও নানা তথ্য সামনে এসেছে। সম্প্রতি টিপস্টার অভিষেক যাদব সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিশ্লেষক মিং-চি কুওর তথ্য উল্লেখ করে দাবি করেছেন, ওপেনএআইয়ের সম্ভাব্য স্মার্টফোনে কাস্টম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই চিপ ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে পারে বলে জল্পনা চলছে। পাশাপাশি ডিভাইসটিতে এলপিডিডিআর৬ র্যাম এবং ইউএফএস ৫.০ স্টোরেজ থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে।
টিপস্টারের দাবি অনুযায়ী, ফোনটিতে দুটি এনপিইউ বা এআই প্রসেসিং ইঞ্জিন একসঙ্গে কাজ করতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে উন্নত এইচডিআর সেন্সর এবং ইমেজ সিগন্যাল প্রসেসর বা আইএসপি। এই ফোনের ক্যামেরা কেবল ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব সময়ে চারপাশের পরিবেশ ও বিভিন্ন বিষয় শনাক্ত করার কাজে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ক্যামেরার মাধ্যমে রিয়েল-টাইম সেন্সিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এ ছাড়া নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ডিভাইসটিতে পিকেভিএম এবং ইনলাইন হ্যাশিং প্রযুক্তি থাকতে পারে বলে দাবি করা হচ্ছে, যা ব্যবহারকারীর তথ্য আলাদা রাখতে এবং রিয়েল-টাইমে তথ্য যাচাই করতে সহায়ক হতে পারে।
প্রচলিত স্মার্টফোনের তুলনায় ওপেনএআইয়ের এই সম্ভাব্য মডেলটি কতটা আলাদা হবে, তা নিয়েও আলোচনা চলছে। সংস্থাটি শেষ পর্যন্ত স্মার্টফোন আনলে এর ব্যবহারের ধরনে বড় বদল আসতে পারে। ডিভাইসটি এআই এজেন্ট চ্যাটজিপিটি কেন্দ্রিক হতে পারে এবং ফোন পরিচালনার বড় অংশ চ্যাটজিপিটির প্রোগ্রামিংয়ের ওপর নির্ভরশীল থাকতে পারে। এজেন্টিক ডিভাইসের ধারণায় এআই ব্যবহারকারীর নির্দেশ বুঝে শুধু প্রশ্নের উত্তর দেবে না, বরং বিভিন্ন অ্যাপ ও পরিষেবার মধ্যে কাজ সম্পন্ন করতেও সাহায্য করবে। ফলে আলাদা অ্যাপ খুলে একাধিক ধাপ পার করার বদলে এআইয়ের মাধ্যমে সরাসরি কাজ করানোর সুযোগ তৈরি হতে পারে।
তবে ওপেনএআইয়ের স্মার্টফোন নিয়ে এখনও সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানिक ঘোষণা করা হয়নি। তাই ফিচার, হার্ডওয়্যার এবং লঞ্চের সময়সূচি সংক্রান্ত সব তথ্যই আপাতত বিভিন্ন রিপোর্ট ও জল্পনার ওপর নির্ভরশীল।