দ্বিগুণ শক্তিতে ধেয়ে আসছে নিম্নচাপ! ভাসবে কলকাতা সহ একাধিক জেলা, দুর্যোগ নিয়ে আবহাওয়া দফতরের চরম সতর্কতা

গতকালের ঘূর্ণাবর্তের জেরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে সপ্তাহান্তে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা:

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে:

কমলা সতর্কতা: অতি ভারী বৃষ্টির জেরে রবিবার বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

হলুদ সতর্কতা: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া এবং নেপাল পরিস্থিতি:

অন্যদিকে, নেপালে হড়পা বানে ভয়াবহ বিপর্যয়ের পর এ রাজ্যের পাহাড়ঘেঁষা এলাকাগুলিতেও কোনো প্রভাব পড়তে পারে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হলুদ সর্তকতা থাকলেও আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।