দুর্নীতিদমনকারী লোকপালের জন্য ৫ কোটি টাকার বিলাসবহুল আয়োজন! ৭ জন সদস্যের জন্য কেনা হচ্ছে ৭০ লাখের BMW

দেশের দুর্নীতিদমন কর্তৃপক্ষ লোকপাল-এর জন্য একসঙ্গে সাতটি হাই-এন্ড বিএমডব্লিউ (BMW) গাড়ি কেনার টেন্ডার চেয়ে পাঠানো হয়েছে। প্রতিটি গাড়ির বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা, যার ফলে সাতটি গাড়ির মোট খরচ দাঁড়াবে প্রায় ৫ কোটি টাকা। গত ১৬ অক্টোবরের একটি নথি থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

চেয়ারম্যান ও সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি

বর্তমানে লোকপালের প্যানেলে একজন চেয়ারম্যান এবং ছ’জন সদস্য মিলিয়ে মোট সাতজন রয়েছেন। টেন্ডার অনুযায়ী, লোকপাল কর্তৃপক্ষ যে মডেলটি চাইছে, তা হলো BMW ৩ সিরিজ ৩৩০ Li Sport (লং হুইলবেস)। এই মডেলটি সেগমেন্টের সবচেয়ে লম্বা এবং পিছনের সিট সবচেয়ে প্রশস্ত হওয়ায় যাত্রীদের অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল অভিজ্ঞতা দেয়। চাওয়া হয়েছে সাদা রঙের এই গাড়িগুলি।

টেন্ডার অনুযায়ী, আদেশ জারির দুই সপ্তাহের মধ্যে, সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে গাড়িগুলো লোকপালের দিল্লির বসন্ত কুঞ্জ অফিসে পৌঁছাতে হবে।

কর্মীদের জন্য প্রশিক্ষণও বাধ্যতামূলক

নথিতে আরও বলা হয়েছে, নির্বাচিত বিক্রেতাকে গাড়ির চালক (ড্রাইভার) এবং অন্যান্য কর্মীদের জন্য ব্যবহার, নিরাপত্তা এবং গাড়ির সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি সাত দিনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করতে হবে। এই প্রশিক্ষণ গাড়ি সরবরাহের ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে।

প্রসঙ্গত, লোকপাল ও লোকায়ুক্ত আইন, ২০১৩ অনুযায়ী গঠিত এই সংস্থা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ও তদন্ত করে। লোকপালের চেয়ারম্যানের বেতন ও সুবিধা ভারতের প্রধান বিচারপতির সমান, আর সদস্যদের বেতন সুপ্রিম কোর্টের বিচারকদের মতো। বর্তমানে ভারতের লোকপাল হলেন বিচারপতি অজয় মানিকরাও খানউইলকর, যিনি ২০২৪ সালের মার্চ মাসে দায়িত্ব নিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy