“দীর্ঘদিন নির্বাচন নেই, এবার হাওড়ার ওয়ার্ড বিন্যাস নিয়ে আইনি লড়াই! অস্বস্তিতে প্রশাসন

কলকাতার পথ ধরেই কি এবার আইনি জটে পড়তে চলেছে হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়া? হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর রাজ্য সরকারের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সিপিএম নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতা
সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার একটি বিল পাশ হয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারী। তাঁর মূল অভিযোগ, ২০১৮ সাল থেকে হাওড়া পুরসভায় কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে সেখানে প্রশাসকের মাধ্যমেই পুরসভার সমস্ত কাজকর্ম পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে নতুন করে সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত কেন নেওয়া হলো, তা নিয়েই শুরু হয়েছে তীব্র আইনি বিতর্ক। ১৯৮০ সালের পুর আইন না মেনেই এই কাজ করা হয়েছে দাবি করে গোটা প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
কলকাতার মামলার প্রসঙ্গ ও আদালতের আগের নির্দেশ
এর আগে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও ঠিক একই ধরনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল আদালতে। সেই সময় কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। গোড়াতেই প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। পরবর্তীতে কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস এ নিয়ে হাইকোর্টে মামলা করেন।
সিঙ্গল বেঞ্চ প্রাথমিক অবস্থায় কোনো অন্তর্বর্তী নির্দেশ না দিলেও, পরে মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।
কলকাতার সেই নজিরকে সামনে রেখেই এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে আইনি বেড়াজালে ফেললেন বিরোধীরা। আদালতের পরবর্তী রায়ের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।