দীপাবলির মুখেই উৎসবের আনন্দ পরিণত হলো ট্র্যাজেডিতে! কানপুরে রক্তক্ষয়ী দুর্ঘটনায় শিউরে উঠল দেশ

দীপাবলির ঠিক আগের রাতে উত্তরপ্রদেশের কানপুরের রাস্তায় ঘটে গেল এক হৃদয়বিদারক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আলোকের উৎসব উদযাপনে যখন ব্যস্ত পুরো শহর, ঠিক তখনই আচমকা এক বেপরোয়া গতির মহিন্দ্রা থর এসইউভি কেড়ে নিল এক নিরপরাধ পথচারীর প্রাণ। দ্রতগতিতে ছুটে আসা গাড়িটি একাধিক মানুষকে ধাক্কা মারার পর একটি ইলেকট্রিক স্কুটারে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুটার চালক। মর্মান্তিক এই ঘটনার পর ঘাতক গাড়িতে থাকা দুই মহিলা চম্পট দেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম সন্তোষ সিং চৌহান (৫৫)। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কানপুরের এক ব্যস্ত রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, থর গাড়িটিতে দুই মহিলা সওয়ার ছিলেন এবং চালকের আসনেও ছিলেন এক মহিলা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পথচারীদের ধাক্কা মারতে মারতে এগিয়ে গিয়ে সন্তোষবাবুর স্কুটারটিকে পিষে দেয়। ধাক্কার অভিঘাতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাকেশ কুমার জানান, স্কুটারটিকে সজোরে ধাক্কা মারার পরও থর গাড়িটির গতি থামেনি। প্রায় ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত স্কুটারটিকে রাস্তার ওপর টেনেহিঁচড়ে নিয়ে যায় সেটি। এরপর সজোরে গিয়ে আছড়ে পড়ে রাস্তার ধারের একটি নিরাপত্তা রেলিংয়ে। দুর্ঘটনার তীব্রতায় বিকট শব্দ শুনে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। তবে উপস্থিত জনতা কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা দুই মহিলা সেখান থেকে চম্পট দেন। গাড়িটির গায়ে ‘কৃষ্ণা গ্রুপ’ লেখা একটি স্টিকার ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কানপুর থানার পুলিশ। নিহত সন্তোষ সিং চৌহানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক থর গাড়িটিকে আটক করেছে পুলিশ। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গাড়িতে থাকা দুই মহিলার সঠিক পরিচয় জানতে এবং তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখতে আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। দীপাবলির আগের রাতে এমন আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো কানপুর শহরে নেমে এসেছে গভীর শোকের ছায়া।