দীপাবলিতে বড় চমক! পরিবারের উৎসব ছেড়ে ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত বস্তারের গভীর জঙ্গলে প্রধানমন্ত্রী মোদী!

দেশজুড়ে যখন আলোর উৎসব দীপাবলির আনন্দে মেতে উঠেছে কোটি কোটি মানুষ, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকল ছত্তিশগড়ের বস্তার। দেশের সীমানা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় দিনরাত সতর্ক প্রহরায় থাকা বীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে বস্তারের স্পর্শকাতর এলাকায় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ নিজেই এই খবর শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, পরিবার-পরিজন ছেড়ে দেশের সুরক্ষায় মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটানোই তাঁর প্রধান উদ্দেশ্য। জওয়ানদের অসামান্য আত্মত্যাগ ও নিষ্ঠাকে স্যালুট জানিয়ে তিনি বলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত এই বীর পুত্র ও কন্যারা তাঁর নিজের পরিবারেরই অংশ।
বস্তারের পরিবর্তন এবং নকশাল দমনে জওয়ানদের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই বস্তার একসময় নকশালবাদী হিংসা ও আতঙ্কের জন্য পরিচিত ছিল। কিন্তু আমাদের বীর নিরাপত্তা বাহিনীর রক্ত, ঘাম, বলিদানের ফলেই আজ বস্তারের মাটি থেকে নকশালবাদের অন্ধকার মুছে গিয়েছে। আজ সেখানে শুরু হয়েছে সার্বিক উন্নয়নের এক নতুন ভোর। জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই দীপাবলি উদযাপন নিরাপত্তা বাহিনীর মনোবল বহুগুণ বাড়িয়ে তুলেছে। উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি বছর দীপাবলির দিন সেনার বিভিন্ন ছাউনিতে গিয়ে জওয়ানদের সঙ্গেই উৎসব উদযাপনের এই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন তিনি।