দিল্লিতে পারদ নামতেই বাড়ল বিষবাতাস! ‘খারাপ’ থেকে ‘অতি খারাপ’ পর্যায়ে রাজধানীর বাতাস

শনিবার জাতীয় রাজধানী দিল্লিতে বায়ুর গুণমান ‘খারাপ’ শ্রেণিতেই রয়ে গেল, আর সেই সঙ্গেই নামল রাতের তাপমাত্রার পারদ। সরকারি তথ্য অনুযায়ী, শহরের প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.১ ডিগ্রি কম। অন্যদিকে, পালাম আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি নিচে।
রাজধানীর অন্যান্য আবহাওয়া কেন্দ্রগুলির মধ্যে লোধি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রিজ কেন্দ্রে পারদ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। শহরের পাঁচটি প্রধান আবহাওয়া কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা নথিভুক্ত হয়েছে আয়ানগরে—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।
সর্বনিম্ন তাপমাত্রায় পতনের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বেড়েছে বায়ুদূষণের মাত্রা। শনিবার দিল্লির গড় বায়ু গুণমান সূচক বা একিউআই দাঁড়িয়েছে ২৭৮-এ। শহরের ৫৭টি সক্রিয় নজরদারি কেন্দ্রের মধ্যে ২৫টিতেই বাতাসের মান ‘অতি খারাপ’ শ্রেণিতে পৌঁছে গিয়েছে।
সকাল ৯টা ৫ মিনিটে ডিটিইউ নজরদারি কেন্দ্রে সর্বোচ্চ একিউআই রেকর্ড করা হয় ৩৬৯। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে একিউআই-কে ‘ভালো’, ৫১ থেকে ১০০-কে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০-কে ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০-কে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-কে ‘অতি খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে তা ‘গুরুতর’ শ্রেণিতে ধরা হয়।