‘থ্রি ইডিয়টস’ বানানোর সময় কি সত্যিই চিনতেন না? আমির খানকে নিয়ে সোনম ওয়াংচুকের মন্তব্য শুনে চোখ কপালে উঠবে!

NEET আন্দোলন চলাকালীন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন ও আন্দোলন ঘিরে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময়েই এক বিতর্ক উস্কে দিয়েছিলেন বলিউড সুপারস্টার আমির খান। অভিনেতা দাবি করেছিলেন, ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয় করার সময় নাকি তিনি সোনম ওয়াংচুককে চিনতেনই না! অথচ সোনমের বাস্তব জীবনের ছায়া ধরেই যে আমির অভিনীত কালজয়ী ‘র্যাঞ্চো’ চরিত্রটি তৈরি হয়েছিল, তা সকলেরই জানা। দীর্ঘ দিন পর অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন সোনম ওয়াংচুক, যা নিয়ে এখন নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে।
কী বললেন সোনম ওয়াংচুক?
ইউটিউবার প্রখর গুপ্তের সঙ্গে একটি পডকাস্টে কথোপকথনকালে আমিরের ওই বিতর্কিত মন্তব্য নিয়ে সোনমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। অত্যন্ত ঠান্ডা মাথায় আমিরকে খোঁচা দিয়ে সোনম টেনে আনেন আমিরের জনপ্রিয় সিনেমা ‘গজনী’র প্রসঙ্গ। হাসিমুখে তিনি বলেন, ‘‘উনি যখন বললেন আমাকে চিনতেন না, ঠিক সেই সময়ই একটি পুরোনো ভিডিও সামনে আসে—যেখানে দেখা যাচ্ছে ‘গজনী’ ছবির লুকে সেজে উনি আমার বক্তৃতা শুনছেন! ‘গজনী’র আউটফিটে ছিলেন বলেই বোধহয় ওঁর শর্টটার্ম মেমরি লস হয়েছিল, ১৫ মিনিটেই সব ভুলে গেছেন! তাই আমি একটুও অবাক হইনি।’’
আমিরের সঙ্গে গভীর আলোচনা হয়েছিল:
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনী’ ও ২০০৯ সালের ‘থ্রি ইডিয়টস’ ছবির প্রসঙ্গ টেনে সোনম আরও জানান, আমিরের সঙ্গে অতীতে তাঁর বেশ দীর্ঘ ও গভীর আলোচনা হয়েছিল। একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। তবে আমির কেন তাঁকে না চেনার কথা বললেন, সে প্রসঙ্গে সোনমের সংযোজন, ‘‘আমরা তো শুনেছি অভিনেতারা চরিত্রের মধ্যে এতটাই ঢুকে যান যে বাস্তব দুনিয়া ভুলেই যান! হয়তো এতটাই ডুবে ছিলেন যে অ্যাওয়ার্ড ফাংশনে এসেও আমাকে ভুলে গেছেন। তবে থ্রি ইডিয়টস-এ আমার জীবনের প্রভাব থাকলেও আমি এই ছবিকে সম্পূর্ণ আমার জীবনী বলতে চাই না।’’ এর আগে অবশ্য আমির খান দাবি করেছিলেন যে তাঁর অভিনীত চরিত্রটি সোনম ওয়াংচুকের দ্বারা অনুপ্রাণিত নয়। সব মিলিয়ে আমিরের সেই দাবি ও সোনমের এই তীক্ষ্ণ কটাক্ষ এখন নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে।