তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা! পুতিনের সঙ্গে সাক্ষাতের পরই বড় পদক্ষেপ মার্কিন প্রতিনিধি দলের

ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টায় বিশ্ব রাজনীতিতে এবার এক চাঞ্চল্যকর মোড়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে এক অত্যন্ত গোপনীয় ও রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। যুদ্ধ অবসানের শান্তি প্রস্তাব নিয়ে ক্রেমলিনে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠক টানা তিন ঘণ্টা ধরে চলে।
পুতিনের সঙ্গে কী কথা হলো মার্কিন প্রতিনিধিদের?
সিআইএ প্রধান জন র্যাটক্লিফের ‘বিরল’ মস্কো সফরের মাত্র এক সপ্তাহ পরেই ট্রাম্পের এই বিশেষ দূতদের রাশিয়া সফর আন্তর্জাতিক মহলে যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছে। ক্রেমলিনে মার্কিন প্রতিনিধিদের স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও এ ধরনের যোগাযোগ সবসময়ই উপকারী। শান্তি স্থাপনের প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন স্পষ্ট জানান, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কাজ করতে তিনি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠককে অত্যন্ত ‘গঠনমূলক এবং খোলামেলা’ বলে অভিহিত করা হয়েছে। ইউক্রেন সংকটের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক প্রকল্প এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে।
তিন দিনের যুদ্ধবিরতি ও কিয়েভ সফর
মস্কোর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের অংশ হিসেবে তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যেই কিয়েভে তিন দিনের জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিনের সঙ্গে এই বৈঠকের রেশ কাটতে না কাটতেই রোববারই কিয়েভে পা রাখার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে তাদের এক মেগা বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টা-পাল্টি বিমান হামলা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই ট্রাম্পের মধ্যস্থতাকারীদের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ বিশ্বজুড়ে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। শেষ পর্যন্ত এই আলোচনার হাত ধরে দীর্ঘমেয়াদী কোনো শান্তি চুক্তির পথ প্রশস্ত হয় কি না, সেটাই এখন দেখার বিষয়!