তসকালে কলকাতায় ইডির বিরাট অভিযান! টালিসঞ্জ ও শরৎ বোস রোডে একাধিক ঠিকানায় তল্লাশি

আর্থিক তছরুপ মামলার তদন্তে ফের নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সাতসকালে কলকাতার মোট আটটি পৃথক জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং শরৎ বোস রোডের কয়েকটি স্থান সহ একাধিক গুরুত্বপূর্ণ ঠিকানায় এই অভিযান চালানো হয়।
মূলত অতিরিক্ত সুদে সাধারণ মানুষকে বেশি টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা তুলে আর্থিক জালিয়াতি করার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তকে আরও জোরদার করতেই ইডি এই পদক্ষেপ করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত এই সমস্ত অর্থ রিয়েল এস্টেট উন্নয়ন এবং অন্যান্য বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে খাটানো হয়েছিল। এক ইডি আধিকারিক জানিয়েছেন, “ওই টাকা কোন পথে পাচার হয়েছে, তা শনাক্ত করতে এবং এই অনিয়মের ঘটনায় জড়িত ব্যক্তি ও ব্যবসায়িক সংস্থাগুলির ভূমিকা খতিয়ে দেখতে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও লেনদেন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে গত মাসেও কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ১৭টি জায়গায় একই ধরনের তল্লাশি চালিয়েছিল ইডি। সেই অভিযানের সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সোমবারের এই তল্লাশি চালানো হয়েছে। আর্থিক জালিয়াতির আসল সূত্র খুঁজে বের করা এবং লেনদেনের মাধ্যমে কারা লাভবান হয়েছেন, তা পরিষ্কার করতেই এই ‘ফিনান্সিয়াল ট্রেইল’ বা টাকার লেনদেনের উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা।