ডিসেম্বরেই দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা! তারেক রহমান সরকারকে ফের চিঠি, তবে কি ফাঁসির ঝুঁকি মাথায় নিয়েই ঢাকায় পা?

দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ফের বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছেন তিনি। তবে বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার এখনও পর্যন্ত তাঁকে দেশে ফেরার কোনও অনুমতি দেয়নি। সূত্রের খবর, এর আগে গত ৯ নভেম্বর নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রথম চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু ঢাকার তরফ থেকে সেই চিঠির কোনও আনুষ্ঠানিক বা সরকারি জবাব না মেলায় এবার দ্বিতীয় চিঠি পাঠালেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় চিঠিতে শেখ হাসিনা বিষয়টি অত্যন্ত জরুরি ভিত্তিতে বিবেচনা করার আর্জি জানিয়েছেন এবং নতুন সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র—দু’টি নথিই চেয়েছেন। জানা গিয়েছে, ব্রিটেনের এক শীর্ষ আইনজীবীর মাধ্যমে ঢাকার সঙ্গে আইনি ও কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। এনডিটিভি সূত্রে খবর, লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের খ্যাতনামা আইনজীবী স্টিভেন পাওয়েলস হাসিনার হয়ে আইনি লড়াই ও যোগাযোগ চালাচ্ছেন। প্রথম চিঠির পর ঢাকা জানতে চেয়েছিল যে পাওয়েলস সত্যিই হাসিনার বৈধ প্রতিনিধি কি না, এবং তার প্রমাণ দেখতে চেয়েছিল বাংলাদেশ প্রশাসন। সেই কারণে দ্বিতীয় চিঠির সঙ্গে প্রতিনিধিত্বের প্রয়োজনীয় বৈধ নথিপত্রও জুড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে প্রবল গণবিক্ষোভের চাপে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন তিনি। যেহেতু মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার আগেই তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছিল, তাই বৈধভাবে দেশে ফিরতে নতুন পাসপোর্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে, ঢাকার অবস্থান যে যথেষ্ট কঠোর, তার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ সরকারের একাধিক প্রতিনিধি সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না; যদিও চিঠির আনুষ্ঠানিক উত্তর এখনও দেওয়া হয়নি।
এদিকে, বাংলাদেশে ফিরলে শেখ হাসিনার সামনে চরম আইনি ও জীবনসংকট অপেক্ষা করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। দেশে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে প্রবল আশঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে রায়দানকারী বিচারক মহম্মদ আমিনুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, দেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতেই হবে, কারণ আপিল করার নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং সাজা কার্যকর করা ছাড়া আর কোনও বিকল্প নেই। তবে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে শেখ হাসিনার স্পষ্ট দাবি, যে কোনও মূল্যে তিনি দেশে ফিরতে চান; গ্রেফতারি বা মৃত্যুভয়ে তাঁর সিদ্ধান্ত বদলাবে না এবং মরতে হলে নিজের দেশের মাটিতেই মরবেন।