আর ফাটানো যাবে না বাজি! বায়ুদূষণ ঠেকাতে এবার চরম নিষেধাজ্ঞার পথে হাইকোর্ট?

সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে পারে ব্যক্তিগতভাবে বাজি ফাটানো। শহরের সাধারণ মানুষ আর নিজেদের ইচ্ছেমতো আতশবাজি ফাটাতে পারবেন না—এমনই কঠোর নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিল বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে মুম্বইয়ে ক্রমবর্ধমান বায়ু ও শব্দদূষণে রাশ টানতে এই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে আদালত। দীপাবলির সময় প্রশাসনের বারবার সতর্কতা ও সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও নাগরিকদের একাংশ নিয়ম লঙ্ঘন করায় কড়া মনোভাব নিয়েছে ডিভিশন বেঞ্চ।
বিচারপতি জিএস কুলকার্নি এবং বিচারপতি ডঃ নীলা গোখলের বেঞ্চে মুম্বইয়ের বায়ুদূষণ সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। শুনানিতে আদালত পর্যবেক্ষণে জানায়, দীপাবলির সময় শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ ও বিষাক্ত হয়ে উঠলেও পুলিশ ও পুরসভা বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করতে পারেনি। এর আগে এই মামলাতেই হাইকোর্ট মন্তব্য করেছিল যে শহর ধীরে ধীরে গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে, এবং সেই সময় রাস্তায় বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছিল। বিচারপতিরা উল্লেখ করেন, দীপাবলির সময় আকাশে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC), যা সাধারণ মানুষের সম্পত্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ছিল। বিচারপতি কুলকার্নি উদ্বেগ প্রকাশ করে বলেন, শহরে ৩৩২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য সঠিক হলে তা অত্যন্ত চিন্তার বিষয়।
দূষণের জেরে স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব নিয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাবেও ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারপতিরা বলেন, দীপাবলি উৎসবের সময় মুম্বইয়ের বায়ুর গুণমান সূচক (AQI) এক পর্যায়ে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছিল। আদালতের পর্যবেক্ষণ, দূষণ কতটা বিপজ্জনক এবং এর ফলে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে, সে বিষয়ে মানুষের মধ্যে সংবেদনশীলতার অভাব রয়েছে, যা অবিলম্বে আটকানো প্রয়োজন। বেঞ্চ স্পষ্ট জানায়, বারবার অনুরোধ করা সত্ত্বেও আচরণে বিশেষ পরিবর্তন আসেনি; তাই শহরের লক্ষ লক্ষ মানুষের বৃহত্তর স্বার্থে এবার কঠোর নির্দেশ দিতে হবে।
আদালত আরও জানায়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মুম্বইয়ের নানা প্রান্তে রাত ৩টে পর্যন্ত শব্দবাজি পোড়ানো হয়েছে, যার ফলে তীব্র শব্দদূষণ তৈরি হয়েছে। বিচারপতিদের মতে, পুলিশ ও পুরসভা যথাসাধ্য চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই সমস্যা গোড়াতেই নির্মূল করতে মুম্বইয়ে ব্যক্তিগতভাবে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব উঠে এসেছে। এর পরিবর্তে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট জায়গায় ‘কমিউনিটি ফায়ারওয়ার্কস’ বা সম্মিলিত আতশবাজি প্রদর্শনীর আয়োজনের পরামর্শ দিয়েছে আদালত, যাতে বিষাক্ত দূষণের সংস্পর্শ কমানো যায় এবং শহরের জীবনযাত্রার মান সুরক্ষিত থাকে।