‘ব্রাদার’ স্ট্যালিনকেও টলাতে পারলেন না রাহুল! আসন পুনর্বিন্যাস বিলে কেন্দ্রের পাশেই ডিএমকে

কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলের বিরোধিতায় তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-কে পাশে টানার শেষ চেষ্টাও ব্যর্থ হলো বিরোধী শিবিরের। রবিবার চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের বাসভবনে বিরোধী নেতাদের বৈঠকের পরও নিজের অবস্থান থেকে সরল না ডিএমকে। বিলটির পক্ষেই ভোট দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে দলটি।
আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করতে ডিএমকে-র সমর্থন আদায়ের লক্ষ্যে রবিবার চেন্নাইয়ে এম কে স্ট্যালিনের বাড়িতে পৌঁছান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ আলোচনার পরও ডিএমকে-র অবস্থানে কোনও বদল আসেনি।
শনিবারই আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের কথা ঘোষণা করে ডিএমকে। দলের দাবি, তামিলনাড়ুর স্বার্থ রক্ষায় যে শর্তগুলি তুলে ধরা হয়েছিল, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রের প্রস্তাবে মেনে নেওয়া হয়েছে। সেই কারণেই বিলের পক্ষে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই অবস্থান থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিএমকে।
সূত্রের খবর, বৈঠকে এম কে স্ট্যালিনকে ‘ব্রাদার স্ট্যালিন’ বলে সম্বোধন করে বিলের বিরোধিতার আর্জি জানান রাহুল গান্ধী। কেন্দ্র ও বিজেপির এই উদ্যোগকে ‘ডার্টি ডিজাইন’ বলে কটাক্ষ করেন তিনি এবং আরএসএস-কেও নিশানা করেন। রাহুলের অভিযোগ, এই পদক্ষেপে দক্ষিণ ভারত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিজেপি ও আরএসএস নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার সুযোগ পাবে। লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর এই প্রস্তাব দেশের গণতন্ত্রের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলেও দাবি করেন তিনি।