‘ডিম-জলের বোতল ছোঁড়া থেকে মারপিট!’-লন্ডনে হাসিনা সমর্থক ও এনসিপি সংঘর্ষ

ডিসেম্বর মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। আর সেই রাজনৈতিক লড়াইয়ের আঁচ যে কেবল দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, তার প্রমাণ মিলল সুদূর ব্রিটেনে। পূর্ব লন্ডনের রমফোর্ডে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) প্রধান তথা সংসদ সদস্য নাহিদ ইসলামের একটি সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লিগ এবং এনসিপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে খবর।

ঠিক কী ঘটেছিল লন্ডনের রমফোর্ডে?

‘ঢাকা ট্রিবিউন’ এবং ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার হলের বাইরে এই ধুন্ধুমার কাণ্ড ঘটে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের উদ্যোগে ঢাকার ১১ আসনের সংসদ সদস্য তথা এনসিপি প্রধান নাহিদ ইসলামের সম্মানে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল।

তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হলের বাইরে জড়ো হতে শুরু করেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়া হয়। এরপর অনুষ্ঠান শেষ হতেই দুই পক্ষের মধ্যে তীব্র তাড়া-পাল্তা তাড়া এবং মারামারি শুরু হয়। মেফেয়ার হলের পিছনের রাস্তায় প্রায় ২০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নেয় লন্ডন পুলিশ। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। সংঘর্ষে জখম ৪-৫ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, চরম উত্তেজনার মুখে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াননি এনসিপি প্রধান নাহিদ ইসলাম। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই তিনি হলে পৌঁছান এবং পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে হলের পিছনের দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যান।

নাহিদ ইসলামের তীব্র প্রতিক্রিয়া

এই ঘটনার পর মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি কড়া বিবৃতি দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি এই হামলার তীব্র নিন্দা করে দাবি করেছেন, পলাতক ও উগ্রপন্থী আওয়ামী লীগের কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

দেশেও বাড়ছে রাজনৈতিক পারদ

বিশ্লেষকদের মতে, লন্ডনের এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা মারাত্মক আকার ধারণ করেছে। সম্প্রতি গোপালগঞ্জেও আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবাসের মাটি থেকে শুরু করে দেশের অন্দরমহল—সব মিলিয়ে রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে বর্তমান পরিস্থিতি।