‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে সর্বস্বান্ত! ১ কোটি ৭৫ লক্ষ টাকা প্রতারণার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে প্রৌঢ়ের অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৭৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধাননগরের বাসিন্দা মিহির কুমার রায়ের সঙ্গে ঘটে যাওয়া এই প্রতারণার ঘটনায় ভিনরাজ্য যোগ থাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার তুলে দিল আদালত।

২০২৫ সালের জানুয়ারিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগে জানা যায়, টেলিকম নিয়ন্ত্রক সংস্থা, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিক সেজে একদল প্রতারক ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। গ্রেফতারি এবং কঠোর আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা পাঠাতে বাধ্য করা হয় তাঁকে।

সম্প্রতি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানিতে উঠে আসে যে, এই অপরাধের জাল শুধু রাজ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সর্বভারতীয় যোগ রয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকা এবং প্রধান বিচারপতির বেঞ্চের ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আদালত এই সাইবার অপরাধের তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।