ডায়না জঙ্গল পারাপারের সময় মর্মান্তিক দুর্ঘটনা, চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

জঙ্গল পার হতে গিয়ে দ্রুতগতির গাড়ির ধাক্কায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো। রবিবার রাতে নাগরাকাটার ডায়না সেতুর কাছে ডায়না জঙ্গলসংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ওপর চিতাবাঘের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ পথচারীদের নজরে আসে ডায়না সেতুর দিকে ওঠার মুখে জাতীয় সড়কের ওপরে একটি চিতাবাঘের নিথর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বন দফতরে জানানো হলে ডায়না রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

ডায়না রেঞ্জের রেঞ্জার সাম্য রায় জানিয়েছেন, মৃত চিতাবাঘটি স্ত্রী প্রজাতির এবং এর আনুমানিক বয়স প্রায় পাঁচ বছর। প্রাথমিক তদন্তে বন আধিকারিকদের অনুমান, রাতে জঙ্গল পারাপার করার সময় তীব্র গতির কোনো অজ্ঞাতপরিচয় গাড়ি সেটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়িটি ঘটনাস্থলে না থেমেই দ্রুত পালিয়ে যায়। বর্তমানে ঘাতক গাড়িটির সুনির্দিষ্ট খোঁজ পেতে পুলিশ ও বন দফতরের পক্ষ থেকে তল্লাশি শুরু হয়েছে। জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বন্যপ্রাণ করিডোর এলাকায় গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আরও কড়া নজরদারির দাবি তুলেছেন পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা।