ডাক্তারির পড়াশোনায় বিপ্লব! খড়গপুর আইআইটিতে এবার থেকে পড়ানো হবে এমডি, প্রথম ব্যাচে সুযোগ পাবেন কতজন?

চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন ইতিহাস গড়তে চলেছে আইআইটি খড়গপুর। দেশের প্রথম আইআইটি হিসেবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি (NMC)-র অনুমোদিত ছয়টি বিষয়ে এমডি (MD) কোর্স চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠান। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই পঠনপাঠন শুরু হবে। খড়গপুর আইআইটির ডক্টর বিসি রায় মাল্টি স্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে প্রথম ব্যাচের এমডি পড়ুয়ারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর ফলে চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োমেডিক্যাল সায়েন্স এবং ট্রান্সলেশনাল রিসার্চ এক সুতোয় বাঁধা পড়বে।
বিশেষজ্ঞদের মতে, স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আইআইটির এই অন্তর্ভুক্তি অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ। এই ব্যবস্থার মাধ্যমে এমন এক পঠনপাঠনের পরিবেশ তৈরি হবে, যা প্রথাগত রীতিনীতির গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত গবেষণার সাহায্যে আধুনিক স্বাস্থ্য পরিষেবার জটিল প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপাতত ছয়টি বিশেষ বিভাগে এমডি কোর্স চালু করছে আইআইটি খড়গপুর। বিভাগগুলি হলো—জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োমেডিক্যাল সায়েন্স। প্রতিটি বিভাগে দুটি করে মোট ১২টি আসনে প্রথম বর্ষে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।
বর্তমান যুগে চিকিৎসা ব্যবস্থা এক মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে। এআই (AI)-এর সাহায্যে রোগ নির্ণয়, উন্নত ইমেজিং প্রযুক্তি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এতদিন চিকিৎসা শিক্ষা এবং প্রযুক্তিগত গবেষণা আলাদা ধারায় বিকশিত হলেও, আইআইটি খড়গপুরের এই নতুন কর্মসূচি এই দুই জগতকে এক করে দেবে। শিক্ষার্থীরা এআই-সহায়তা প্রাপ্ত ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ, কম্পিউটেশনাল প্যাথলজি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রযুক্তির মতো ক্ষেত্রে গবেষণার সুযোগ পাবেন। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী ও উন্নত মানের স্বাস্থ্যসেবা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।