টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! মহাবিপদের আশঙ্কায় আজ ছুটির দিনেই খুলল সমস্ত শাখা

ছুটির দিন রবিবারেও খোলা রয়েছে দেশের সমস্ত ব্যাঙ্ক। আর ব্যাঙ্ক খুলতেই গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায়। আগামী কাল সোমবার থেকে বুধবার পর্যন্ত একটানা তিনদিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যার জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই আজ ছুটির দিনে বিশেষ নির্দেশিকায় ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সপ্তাহে পাঁচদিন কর্মদিবস এবং শনি ও রবিবার ছুটির প্রধান দাবি সহ বিভিন্ন বকেয়া ইস্যুকে সামনে রেখে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন তিনদিনের এই বিশাল ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ব্যাঙ্কগুলির সমস্ত অফলাইন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে চেক জমা দেওয়া, পাসবুক আপডেট করা কিংবা ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার মতো কোনো কাজই এই তিনদিন করা যাবে না। তবে স্বস্তির বিষয় হলো, এই সময় অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এবং এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে।

চলতি মাসের শুরুতেও একবার একদিনের ধর্মঘট ডাকা হয়েছিল, তবে তখন পরিষেবায় সেভাবে বড় প্রভাব পড়েনি। কিন্তু এবার একটানা তিনদিন ধর্মঘট থাকায় এবং গতকাল চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক পরপর বন্ধ থাকার কথা ছিল। আজ রবিবারও যদি ব্যাঙ্ক বন্ধ থাকত, তবে গ্রাহকদের টানা পাঁচদিন ব্যাঙ্কের কাজ থেকে বঞ্চিত হতে হতো। এই বিশাল আর্থিক অচলাবস্থা এড়াতেই জরুরি ভিত্তিতে আজ রবিবার ব্যাঙ্কগুলি খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

আজ সকাল ১০টায় ব্যাঙ্ক খোলার সঙ্গে সঙ্গেই বিভিন্ন শাখায় গ্রাহকদের লম্বা লাইন দেখা যায়। মাসের শেষের দিকে স্যালারি এবং পেনশনভোগীরা তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। গ্রাহকদের একাংশের মতে, এই তিনদিনের ধর্মঘটের পর আগামী বৃহস্পতিবার ব্যাঙ্ক খুললেও, শুক্রবার আবার গান্ধী জয়ন্তীর জন্য ছুটি থাকায় সেদিনও পরিষেবা বন্ধ থাকবে। স্বাভাবিক কারণেই বৃহস্পতিবার ব্যাঙ্কগুলিতে প্রচণ্ড ভিড় জমার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ঝুঁকি না নিয়ে গ্রাহকরা আজ ছুটির দিনেই তড়িঘড়ি তাঁদের সমস্ত জরুরি আর্থিক লেনদেন ও কাজ মিটিয়ে নিচ্ছেন।