টম অ্যান্ড জেরির এবার নতুন লড়াই! বড় পর্দায় আসছে বহু প্রতীক্ষিত সিনেমা, রহস্যে মোড়া গল্পে কী চমক?

ছোটবেলার সোনালী স্মৃতিতে আজও সমানভাবে উজ্জ্বল ‘টম অ্যান্ড জেরি’। ইঁদুর-বিড়ালের চিরন্তন সেই মিষ্টি দুষ্টুমি, টমের ফাঁদ এড়িয়ে জেরির চতুরতা আর তাকে ধরতে গিয়ে টমের একের পর এক ফাজিল কাণ্ড— প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের হাসিয়ে চলেছে এই জনপ্রিয় জুটি। এবার সেই শৈশবের আবেগ ফিরছে নতুন আঙ্গিকে, একবারে রূপালী পর্দায়! ২৩ অক্টোবর ভারতীয় প্রেক্ষাগৃহে মহাসমারোহে মুক্তি পেল নতুন অ্যানিমেশন ছবি ‘টম অ্যান্ড জেরি: ফরবিডেন কম্পাস’।

এবার চেনা লড়াইয়ের সঙ্গে যোগ হচ্ছে রহস্যের ছোঁয়া

গ্যাং ঝাং-এর পরিচালনায় এবং জি স্টুডিওজের উপস্থাপনায় তৈরি হয়েছে এই ইংরেজি অ্যানিমেটেড ছবিটি। তবে এবারের প্রেক্ষাপট শুধু চেনা ঘরের কোণে ইঁদুর-বিড়ালের দৌড়ঝাঁপ কিংবা একে অপরকে বোকা বানানোর খেলায় সীমাবদ্ধ নয়। ছবিতে মিলবে ভরপুর অ্যাকশন, থ্রিলিং অ্যাডভেঞ্চার এবং পেটফাানো কমেডির মিশেল।

গল্পের মোড় ঘোরে যখন একটি জাদুকরী নক্ষত্রের মতো রহস্যময় কম্পাস টম ও জেরিকে টেনে নিয়ে যায় এক প্রাচীন ও অচেনা জগতে। সেখানে পা রাখার পর থেকেই তাদের মুখোমুখি হতে হয় নানা পৌরাণিক উপাদান ও ভয়ানক সব রহস্যময় রক্ষকের। ফলে নিজেদের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা ভুলে, সেই পৌরাণিক বিপদের হাত থেকে বাঁচতে এবং রহস্যের জট খুলতে গিয়ে নতুন এক অ্যাডভেঞ্চারের স্বাদ পাবে দর্শকরা।

অ্যানিমেশনের জগতে নতুন মাইলফলক

‘টম অ্যান্ড জেরি: ফরবিডেন কম্পাস’ ছবিটি শুধু গল্পের দিক থেকেই নয়, প্রযুক্তির দিক থেকেও এক ঐতিহাসিক পদক্ষেপ। এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এটিই প্রথম সম্পূর্ণ ত্রিমাত্রিক কম্পিউটার-জেনারেটেড ইমেজারি বা 3D CGI ফিচার চলচ্চিত্র। আধুনিকতম অ্যানিমেশন প্রযুক্তির নিখুঁত প্রয়োগে এই পরিচিত দুই চরিত্রকে আরও বেশি জ্যান্ত ও আকর্ষণীয় করে ফুটিয়ে তোলা হয়েছে।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চায়না ফিল্ম কোং লিমিটেড, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স, অরিজিন অ্যানিমেশন এবং টার্নার এন্টারটেনমেন্ট কোং। দুর্দান্ত এই ভিজ্যুয়াল ও অ্যানিমেশনের নেপথ্য দায়িত্বে রয়েছে রিডিফাইন অ্যানিমেশন।

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ছোট থেকে বড়— সব বয়সের দর্শকের মধ্যেই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। নস্টালজিয়া আর আধুনিক অ্যানিমেশনের এই মেলবন্ধন বড় পর্দায় দেখার জন্য ইতিধ্যেই প্রেক্ষাগৃহগুলিতে ভিড় জমাচ্ছেন সিনেমা প্রেমীরা।