ঝুঁকি এড়াতে নতুন সাবওয়ে চালু! রেলগেট বন্ধ করে দিয়ে বড় সিদ্ধান্ত নিল শিয়ালদহ ডিভিশন!

রেলযাত্রী ও সাধারণ পথচারীদের নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করতে বড়সড় এবং কঠোর পদক্ষেপ করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেললাইনের ওপর দিয়ে দুর্ঘটনা এড়াতে জিয়াগঞ্জ ও ভাগলাগোলা স্টেশনের মধ্যবর্তী ১৫৪/E নম্বর লেভেল ক্রসিং গেটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, গত ৩ নভেম্বর, ২০২৬ থেকেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।
কেন বন্ধ করা হলো এই রেলগেট?
রেলওয়ে সূত্রে খবর, জিয়াগঞ্জ ও ভাগলাগোলা স্টেশনের মাঝে ২০৮/১৯-২১ কিলোমিটার পয়েন্টে অবস্থিত ওই লেভেল ক্রসিংটি দিয়ে এতদিন ঝুঁকি নিয়েই যাতায়াত করতেন সাধারণ মানুষ। তবে পথচারী ও যানবাহনের নিরাপদ যাতায়াতের জন্য ওই এলাকায় ইতিমধ্যেই একটি আধুনিক ‘লিমিটেড হাইট সাবওয়ে’ (LHS) নির্মাণ করা হয়েছে। নতুন এই সাবওয়ে তৈরি হয়ে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক রেখেই রেলগেটটি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এখন থেকে ওই রুটের সমস্ত সড়ক যানবহন এবং পথচারীরা এই নবনির্মিত সাবওয়ে দিয়েই যাতায়াত করবেন।
কড়া নিরাপত্তার ব্যবস্থা ও খননকাজ
লেভেল ক্রসিংটি যাতে আর কোনোভাবেই ব্যবহার করা না যায়, সেজন্য কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে রেল। রেলগেটটি স্থায়ীভাবে বন্ধ করার উদ্দেশ্যে তার দু’পাশের রাস্তায় বড় বড় করে খননকাজ করা হয়েছে। এর পাশাপাশি, সমস্ত ধরনের অননুমোদিত ও বেআইনি পারাপার কঠোরহস্তে আটকাতে বসানো হয়েছে রেল পোস্ট ফেন্সিং (Rail Post Fencing)। ফলে ভবিষ্যতে ওই বন্ধ রেলগেট দিয়ে কোনো রকম ঝুঁকি নিয়ে যাতায়াত করার আর কোনো সুযোগই থাকছে না। রেল প্রশাসনের এই পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।