ঝাঁকঝকাশ লুক আর টেকস্যাভি ফিচারের জাদু! বাজাজ আনল নতুন পালসার NS400Z

বাইকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে লঞ্চ হলো বাজাজ-এর আপডেট করা দুর্দান্ত স্পোর্টস বাইক পালসার NS400Z। দিল্লির এক্স-শোরুম অনুযায়ী বাইকটির প্রারম্ভিক দাম নির্ধারণ করা হয়েছে ১,৯০,০১৫ টাকা। সংস্থার তরফে বাইকটির বাহ্যিক লুক বা ইঞ্জিনে কোনো বড় পরিবর্তন আনা না হলেও, রাইডারদের আধুনিক চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে প্রযুক্তিগত ও কানেক্টিভিটি ফিচারে ব্যাপক জোর দেওয়া হয়েছে। পুরনো কালার এলসিডি স্ক্রিন সরিয়ে এবার যুক্ত করা হয়েছে একটি অত্যাধুনিক ৫ ইঞ্চির টিএফটি (TFT) স্ক্রিন।
নতুন এই টিএফটি স্ক্রিনের মাধ্যমে রাইডাররা সরাসরি গুগল ম্যাপস নেভিগেশন ব্যবহার করার সুবিধা পাবেন। এর পাশাপাশি মিউজিক কন্ট্রোল, ল্যাপ টাইমার এবং বাইকের চারটি বিশেষ রাইডিং মোড এই স্ক্রিন থেকেই সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সুরক্ষার দিকটিও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। নতুন NS400Z মডেলে একটি দারুণ ইমার্জেন্সি ফিচার যোগ করা হয়েছে—রাইডার যদি হঠাৎ করে খুব জোরে ব্রেক কষেন, তবে বাইকের হ্যাজার্ড লাইট নিজে থেকেই জ্বলে উঠবে, যা পিছন থেকে আসা অন্য যানবাহনকে আগে থেকেই সতর্ক করতে সাহায্য করবে। দীর্ঘ পথযাত্রায় ফোন চার্জ দেওয়ার সুবিধার্থে রাখা হয়েছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।
ইঞ্জিনের পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন না করেই পুরনো জনপ্রিয় ৩৪৯ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিনটিকেই বহাল রাখা হয়েছে। এই শক্তিশালী ইঞ্জিনটি ৯,০০০ আরপিএম-এ ৪০ হর্সপাওয়ার এবং ৭,৫০০০ আরপিএম-এ ৩৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে ৬-স্পিড গিয়ারবক্স, ইলেকট্রনিক থ্রটল, ট্র্যাকশন কন্ট্রোল, ৪৩ এমএম ইউএসডি (USD) ফ্রন্ট ফর্ক, ডুয়াল-চ্যানেল এবিএস এবং রেডিয়াল টায়ারের মতো পুরোনো জনপ্রিয় ফিচারগুলো বজায় রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ইঞ্জিনের এই সমন্বয় বাজারে কেটিএম ৩৯০ ডিউকের মতো বাইকগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।